
শেষ আপডেট: 20 January 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ইডি হেফাজত শেষে জেল হেফাজতে গেছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। আপাতত ১৪ দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে। এদিন আদালত চত্বরে শঙ্কর আঢ্যকে দেখে তাঁর স্ত্রী নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে।
দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া স্বামীকে দেখার পর তাঁর স্ত্রী জ্যোৎস্না প্রায় কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে বলতে শোনা যায়, শঙ্করের চেহারা খারাপ হয়ে গেছে। এরপর তাঁকে নিজেই মাটি থেকে টেনে তোলেন শঙ্কর। তারপর তাঁর স্ত্রীকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। এমনিতে প্রায় প্রতিদিন শঙ্করের সঙ্গে দেখা করতে আসেন তাঁর মেয়ে ঋতুপর্ণা। কিন্তু তাদের মধ্যে খুব যে কথা হয় এমনটা নয়।
এদিকে শনিবার আদালতে শঙ্করের স্বাস্থ্যর প্রসঙ্গ তুলে জামিনের আবেদন না করলেও শঙ্করের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের একটা কিডনি নেই। তাই তাঁর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন। যদিও ইডি সটান সেই আর্জির বিরোধিতা করে। তারা পাল্টা জানায়, হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজনই নেই শঙ্কর আঢ্যর। তিনি সম্পূর্ণ সুস্থ।
হালে দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া একাধিক নেতা নিজেকে অসুস্থ বলে দাবি করে হাসপাতালে ভর্তি হওয়ার আবেদন করেছেন। শঙ্কর আঢ্যর ক্ষেত্রেও বিষয়টি নতুন কিছু নয়। তবে তাঁর ক্ষেত্রে ইডিও যথেষ্ট সচেতন। তারা স্পষ্ট জানিয়েছে, জেলে যদি কোনও সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে।