সাংবাদিক বৈঠক থেকে নানাবিধ ইস্যুতে মুখ খোলেন তিনি। তবে এসএসসি প্রসঙ্গ উঠতেই তৃণমূল কংগ্রেস সরকারের ওপর একটু বেশিই ক্ষোভ উগরে দেন।

শমীক ভট্টাচার্য
শেষ আপডেট: 18 November 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: নতুন করে এসএসসি-র (SSC) পরীক্ষা হয়েছে। কিন্তু তারপরও বিতর্ক রয়ে গেছে। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিল ও নতুন ভেরিফিকেশন (Verification) তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছেন নতুন চাকরিপ্রার্থীরা। সেই নিয়ে সোমবার বিকাশ ভবনের সামনে উত্তাপ সৃষ্টি হয়। মঙ্গলবারও শহরের রাস্তায় প্রতিবাদ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। আর এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকেই নিশানা করছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।
সাংবাদিক বৈঠক থেকে নানাবিধ ইস্যুতে মুখ খোলেন তিনি। তবে এসএসসি (SSC) প্রসঙ্গ উঠতেই তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের ওপর একটু বেশিই ক্ষোভ উগরে দেন। শমীক দাবি করেন - এরা চাকরি দেবে কোথা থেকে, এদের কাছে টাকা নেই। এরা চাকরি দিতে পারবে না। আর বাকি সব যা হচ্ছে, তা চাকরি দেওয়ার নাম করে আবার টাকা তোলার ফন্দি!
অভিজ্ঞতার জন্য ধার্য বাড়তি ১০ নম্বরকে ঘিরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন মামলা দায়ের হয়েছে। নতুন চাকরিপ্রার্থীদের সাফ বক্তব্য, এমনটা হলে তারা বঞ্চিত হবেন এবং পুনরায় অযোগ্যরাও চাকরি পেয়ে যেতে পারেন। আবেদনকারীদের প্রশ্ন, সরকারি স্কুলের শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন বঞ্চিত হবেন?
এই প্রসঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ করে শমীকের চাঁচাছোলা আক্রমণ - তৃণমূলের (TMC) নিয়োগ মানে সেখানে জল থাকবেই। ফলে ক্ষোভ-বিক্ষোভ হবে। কিন্তু তিনি এও দাবি করেন, শূন্যপদ বাড়ানোর যে দাবি চাকরিপ্রার্থীরা করছেন, তাতেও বিশেষ লাভ হওয়ার নয়। কারণ - শূন্যপদ বাড়ানোর জায়গা নেই, স্কুলই শূন্য হয়ে গেছে।
প্রসঙ্গত, চাকরিপ্রার্থীদের অন্যতম অভিযোগ, ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়া বহু প্রার্থীই নাকি ইন্টারভিউ কলই পাননি। তাঁদের দাবি, ফুল মার্কস পেয়েও ইন্টারভিউ তালিকায় নাম না থাকার মানে নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্ন থেকেই যায়। সেই কারণে অভিজ্ঞতার ভিত্তিতে ধার্য অতিরিক্ত ১০ নম্বর সম্পূর্ণ তুলে দেওয়ারই দাবি তাঁদের মুখে মুখে।
চাকরি দুর্নীতি থেকে শুরু করে এসআইআর - সব ইস্যুর জন্যই তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে বলে দাবি করেন শমীক ভট্টাচার্য। স্পষ্ট করে ফের একবার বলেন, যারা বলেছিলেন এসআইআর হবে না, পশ্চিমবাংলায় তারাই সবচেয়ে বেশি লোক নিয়ে রাস্তায় নেমেছে। তৃণমূল রাস্তায় নেমেছে। অভিযোগ, ভোটব্যাঙ্ক বাঁচাতে যাবতীয় কারসাজি করছে শাসক দল। শমীকের কথায়, কলকাতায় কিছু 'লুম্পেন ক্যাপিটিলস্টদের' উদ্ভব হয়েছে। এরা সব তৃণমূল। আর এদের সঙ্গে যুক্ত হয়েছেন কিছু আমলা।