তাঁর দাবি, "৪০ বছরের রাজনৈতিক জীবনে এমন দৃশ্য দেখিনি—ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয়!"
.jpeg.webp)
শমীক ভট্টাচার্য।
শেষ আপডেট: 6 October 2025 21:11
দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটার (Nagarkata Incident) দুর্গত এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে বিজেপির দুই শীর্ষনেতা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। পেছন থেকে ধাক্কা, কিল-ঘুষির শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও চিকিৎসাধীন। ঘটনাস্থল বামনডাঙ্গা চা বাগান।
ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)। বলেন, "আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করেছে তৃণমূল।" তাঁর দাবি, "৪০ বছরের রাজনৈতিক জীবনে এমন দৃশ্য দেখিনি—ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয়!"
শমীকের আরও অভিযোগ, "উত্তরবঙ্গের প্রতি তৃণমূলের চরম অবহেলা। বাঁধ মেরামতির নামে লুটপাট হয়েছে, কাঠ-বালি-বোল্ডার সব গায়েব।"
বিজেপির সরাসরি অভিযোগ, হামলার পিছনে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের বক্তব্য, "এটি জনরোষ।" মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।
সূত্রের খবর, খগেন মুর্মুর মাথায় পাথর ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শঙ্কর ঘোষ কোনওক্রমে পালিয়ে গাড়িতে ওঠেন, কিন্তু তার আগেই গায়ে এসে পড়ে কিল-ঘুষি। তাঁদের গাড়িতেও চলে ভাঙচুর।
শমীক জানিয়েছেন, "এই ঘটনা রাজ্যে আইনের শাসনের পরিণতির প্রতিফলন। সব রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।"
এখন দেখার, নাগরাকাটার রাজনৈতিক উত্তাপ আগামিদিনে কোনদিকে মোড় নেয়।