দক্ষিণ-পূর্ব রেলের আশা, এর ফলে উৎসব মরশুমে হাওড়ার উপর চাপ অনেকটাই কমবে, সময়মতো ট্রেন ছাড়াও সহজ হবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 October 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া স্টেশনের (Howrah Railway Station, Two new platforms, December) ভিড় সামলাতে এবার আরও পরিপূর্ণ রূপে যাত্রী সেবায় আসছে শালিমার (Shalimar Railway Station)। দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই চালু হতে চলেছে শালিমার স্টেশনের নতুন দুটি প্ল্যাটফর্ম- ৪ এবং ৫ নম্বর।
দক্ষিণ-পূর্ব রেলের আশা, এর ফলে উৎসব মরশুমে হাওড়ার উপর চাপ অনেকটাই কমবে, সময়মতো ট্রেন ছাড়াও সহজ হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই নতুন দু’টি প্ল্যাটফর্মের নির্মাণকাজ শেষ হবে। ডিসেম্বরে সেগুলি থেকে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিটি প্ল্যাটফর্ম আধুনিক মানের তৈরি হচ্ছে- বসার ব্যবস্থা, আলো, টয়লেট ও যাত্রী নিরাপত্তার নজরদারি বাড়ানো হয়েছে। ১২ মিটার দীর্ঘ দুই ফুট ওভারব্রিজের মাধ্যমে পুরনো (১, ২ ও ৩ নম্বর) এবং নতুন প্ল্যাটফর্মগুলিকে যুক্ত করা হবে। থাকছে এসকেলেটর পরিষেবাও।
শালিমার স্টেশনের অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার জয়নাথ শর্মা বলেন, “এখন অনেক সময় শালিমার থেকে ট্রেন ছাড়তে দেরি হলে আপ লাইনের ট্রেনকে সাঁতরাগাছিতে দাঁড়িয়ে থাকতে হয়। নতুন প্ল্যাটফর্ম চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে।”
বর্তমানে শালিমার স্টেশনের তিনটি প্ল্যাটফর্ম থেকে ঝাড়খণ্ড, হায়দরাবাদ, চেন্নাই, সেকেন্দ্রাবাদ, মুম্বই, পুরী, বিশাখাপত্তনম, পাটনা-সহ বিভিন্ন রুটের মোট ২৮টি ট্রেন ছাড়ে। এর সঙ্গে উৎসব মরশুমে চালানো হচ্ছে আরও সাতটি বিশেষ ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নতুন প্ল্যাটফর্ম চালু হলে বিশেষ ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যাবে। পাশাপাশি নিত্যযাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রেলের এক আধিকারিক বলেন, “হাওড়ার চাপ ভাগ করে নেওয়ার জন্যই শালিমারকে টার্মিনাল হিসেবে গড়ে তোলা হয়েছিল। নতুন প্ল্যাটফর্ম চালু হলে হাওড়ার ওপর নির্ভরতা আরও কমবে।”
এক সময় মূলত পণ্যবাহী ট্রেনের টার্মিনাল হিসেবেই শালিমারের যাত্রা শুরু। কিন্তু ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলাতে এখন তা দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রী টার্মিনাল। রেলের মতে, এই সম্প্রসারণ হলে উৎসবের সময় অতিরিক্ত ভিড় সামাল দেওয়া আরও সহজ হবে।