.webp)
শেখ শাহজাহান। ফাইল ছবি।
শেষ আপডেট: 28 April 2024 09:45
দ্য ওয়াল ব্যুরো: খাল থেকে শ্মশান, সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর দাপটে একে একে সবই দখল হয়ে গেছে বলে অভিযোগ।
হাইকোর্টের নির্দেশে সিবিআই পোর্টাল চালু করার পর সেখানে এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর।
পোর্টালে জমা পড়া নানাবিধ অভিযোগ সরেজমিনে খতিয়ে শনিবার সন্দেশখালিতে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। দিনভর এলাকা চষে বেড়ান তাঁরা। অভিযোগের সত্যতাও তদন্তকারীরা চাক্ষুষ করেছেন বলে খবর।
কী অভিযোগ? সূত্রের খবর, আর পাঁচটা বর্ধিষ্ণু গ্রামের মতো সন্দেশখালিতেও ছিল শ্মশান। শ্মশানের পাশে ছিল খাল। সিবিআইকে গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে খাল বোজানো হয়। পরে শ্মশানেরও দখল নেয় শাহজাহান বাহিনী।
শনিবার ঘটনাস্থলে গিয়ে সিবিআই কর্তারা জানতে চান, কোথায় খাল, আর কোথায় শ্মশান? গ্রামবাসীরা দূরের একটি কারখানা দেখিয়ে বলেন, "ওটাই আগে শ্মশান ছিল। আর আপনারা যে এলাকায় দাঁড়িয়ে রয়েছেন, এখানেই ছিল খাল!"
জমি, বাড়ি, ভেড়ি দখলের অভিযোগ আগেই উঠেছিল শাহজাহান গোষ্ঠীর বিরুদ্ধে। এবার খাল থেকে শ্মশান আত্মসাৎ করার অভিযোগ সামনে আসায় নতুন করে শাহজাহানের কীর্তিকলাপ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। তারপরই কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের পোর্টালে ইতিমধ্যে শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগও জমা পড়েছে।
তাঁদের একজন সিবিআইকে বলেন,"আমার মায়ের ৩৩ শতক চাষের জমি ছিল। সব দখল করে নিয়েছে। আমরা আজকে পথে বসেছি। আমাদের জীবন জীবিকার রুজি রোজগার হারিয়ে গেছে। আমরা আমাদের জমি ফেরত চাই। আমরা শেখ শাহজাহান আর তার অনুগামীদের বিরুদ্ধে ভয়ে এতদিন মুখ খুলতে পারতাম না।"