বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীদের কটাক্ষ, 'চাপের মুখে পদক্ষেপ'।

অভিযুক্ত টিএমসিপি নেতা সৌভিক রায়।
শেষ আপডেট: 9 July 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার (Howrah) নরসিংহ কলেজে পড়ুয়াদের উপর যৌন অত্যাচারের অভিযোগে (Sexual harassment) টিএমসিপি-র (TMCP) রাজ্য সহ সভাপতি সৌভিক রায়কে (Souvik Ray) শোকজ করল তৃণমূল।
অভিযোগ, কলেজের পড়ুয়াদের জোর করে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করত সৌভিক। এমনকি র্যাগিংয়ের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখার অভিযোগও উঠেছে। কসবা কাণ্ডে (Kasba Incident) রাজ্য রাজনীতিতে যখন চাঞ্চল্য তুঙ্গে, ঠিক তখনই এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়।
এমন পরিস্থিতিতে এবার সৌভিককে শোকজ করল তৃণমূল। দলীয় সূত্রের খবর, ১৩ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জবাবে সন্তুষ্ট না হলে সৌভিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। তবে এ ব্যাপারে অভিযুক্ত ছাত্র নেতার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীদের কটাক্ষ, 'চাপের মুখে পদক্ষেপ'। প্রসঙ্গত, কসবাকাণ্ডের অনেক আগেই সৌভিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তা সত্ত্বেও সে সময় কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি সেই প্রশ্নও তুলেছে বামেদের ছাত্র সংগঠন এসএফআই।
কসবাকাণ্ডের মধ্যে সম্প্রতি হাওড়ার টিএমসিপি নেতা সৌভিকের বিরুদ্ধে কলেজে পড়ুয়াদের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ আনে এসএফআই। তাদের বক্তব্য, হাওড়ার নরসিংহ কলেজে পড়ুয়াদের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন সৌভিক রায়। পড়ুয়াদের প্যান্ট খুনে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হত। এই যৌন নিপীড়নের প্রতিবাদে ২০২৩ সালেই হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল।
একই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যাঁটরা থানা ও অ্যান্টি র্যাগিং কমিশনের কাছেও। তবুও কেন সৌভিকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলা হয়েছিল। এ ব্যাপারে আগে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছিলেন, এরকম কোনও অভিযোগ তিনি পাননি। তবে সৌভিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এবার পদক্ষেপ করল তৃণমূল ছাত্র পরিষদ।