
শেষ আপডেট: 6 April 2023 05:30
দ্য ওয়াল ব্যুরো: যৌনতা নিয়ে আগেও নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পোপ ফ্রান্সিস। আবারও এমনই এক মন্তব্য করেছেন রোমের বিশপ এবং ক্যাথলিক চার্চের প্রধান। একটি ডকুমেন্টারিতে পোপ ফ্রান্সিস বলেছেন, "যৌনতা খুবই সুন্দর ও পবিত্র। ঈশ্বর মানুষকে সবচেয়ে সুন্দর জিনিস উপহার দিয়েছেন।"
ডিজনি প্রোডাকশন একটি তথ্যচিত্র তৈরি করেছে যার নাম 'দ্য পোপ অ্যানসার্স' (The Pope Answers)। কমবয়সি ছেলেমেয়েদের সঙ্গে পোপের আলাপ-আলোচনার নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে ওই তথ্যচিত্রে। পোপ সেখানে কমবয়সিদের নানা প্রশ্ন করেছেন। প্রেম, যৌনতা, এলজিবিটি কমিউনিটি, পর্ন সিনেমা, শারীরিক নিগ্রহ ইত্যাদি নানা বিষয়ে ছেলেমেয়েদের মতামত শুনেছেন পোপ। তাঁদের প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন।
যৌনতা বিষয়ের উপর আলোচনার সময় পোপকে বলতে শোনা গেছে, 'সেক্স খুবই পবিত্র জিনিস'। হস্তমৈথুন নিয়েও মন্তব্য করেছেন পোপ। তাঁর মতে, যৌন অভিব্যক্তি খারাপ নয়, তা মানুষকে সমৃদ্ধ করে। কিন্তু খারাপ উদ্দেশ্যে যৌন অভিব্যক্তির প্রকাশ হলে তা ঠিক নয়।
এর আগেও এমন মন্তব্য করেছিলেন পোপ ফ্রান্সিস যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই হয়েছিল। পোপ দাবি করেছিলেন, বিয়ে না হওয়া পর্যন্ত এক জন ব্যক্তি চাইলে যৌন সম্পর্কে লিপ্ত না-ও হতে পারেন। এর থেকেই প্রমাণিত হবে সেটি সত্যিকারের ভালবাসা কিনা। কারণ শুধু যৌনতা দিয়ে সম্পর্ক টেকানো যায় না। তাঁর এই মন্তব্যের পরে বিতর্ক শুরু হয়। ইতালীয় ধর্মতত্ত্ববিদ ভিটো মানকুসোকর বলেন, এই রকম মন্তব্য করে ভালবাসার ক্ষেত্রে যৌন মিলনের গুরুত্বকে অস্বীকার করেছেন পোপ। তিনি আরও দাবি করেন, ক্যাথলিক চার্চ সঙ্গমের গুরুত্ব বুঝতে অক্ষম।
প্রথম মহিলা যিনি চাঁদে যাচ্ছেন, ১১ মাস মহাশূন্যে কাটিয়ে রেকর্ড করেছিলেন এই বিস্ময়-কন্যা