এর আগে লাউদহ গ্রাম সংলগ্ন অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল আরও একটি বোমা। বুধবার সেটিকে নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 25 October 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: অজয় নদ (Ajay river) থেকে ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা (Second World War Bomb recovered)। এক মাসের মধ্যে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল বীরভূমে। বৃহস্পতিবার সকালে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে মাছ ধরার জালে জড়িয়ে আসে পুরনো বোমাটি। মুহূর্তেই ছড়ায় আতঙ্ক, নদীর ধারে ভিড় জমে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোলপুর থানার পুলিশ (Bolpur)।
পুলিশ এসে সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলে। নদীর ঘাটে শুরু হয় টহল। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। আপাতত উদ্ধার হওয়া বোমাটিকে নদীর চড়ে পুঁতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের বক্তব্য, অজয় নদ থেকে লাগাতার বালি তোলার কাজের ফলেই নদীর তলদেশে চাপা পড়ে থাকা বোমাগুলি উপরে উঠে আসছে। তাই প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে এসব পুরনো বোমা।
এর আগে লাউদহ গ্রাম সংলগ্ন অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল আরও একটি বোমা। বুধবার সেটিকে নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। স্থানীয়দের নিরাপত্তার জন্য দূরত্ব বজায় রাখতে বলা হয়।
তার পরের দিনই ফের নতুন বোমা উদ্ধারের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও বোম্ব স্কোয়াডের আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বস্তুটি আসল বোমা কি না এবং সেটি কতটা বিপজ্জনক— তা যাচাই করে দেখা হচ্ছে।