প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে আজ সন্ধেতেই জানিয়েছিল কমিশন।
.jpeg.webp)
প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা
শেষ আপডেট: 28 March 2026 00:03
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা (second supplementary list)। ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে আজ সন্ধেতেই জানিয়েছিল কমিশন। কত নাম বাদ পড়ল? তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আনেনি নির্বাচন কমিশন (Election Commission)।
https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 -এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা।
আজ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, এখনও পর্যন্ত মোট নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৭ লক্ষ। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম বেরিয়েছে। আজ প্রকাশ পেতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট।
প্রথম তালিকা বেরোতে কমিশনের জানানো নির্ধারিত সময় পেরিয়ে মধ্যরাতে গড়িয়েছিল। তবে এবার তার কিছু আগেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন।
জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করার পর ই-সাইন করে দিলে তারপরই তালিকা আপলোড করা সম্ভব হয়। তালিকা দিল্লিতে পাঠান বিচারপতিরা। সেখান থেকে সার্ভারে আপলোড করা হবে। একবার সই হওয়ার পরেও বেশ কিছুটা সময় লাগে বুথ ভিত্তিক তালিকা আপলোড করতে সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। সেই সমস্ত প্রক্রিয়া সেরে তালিকা প্রকাশ করতে কিছুটা সময় লাগবে কমিশনের, একথা আজই জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
নাম বাদ গেলে করণীয় কী?
যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। প্রতিকারের জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন এক জন করে অবসরপ্রাপ্ত বিচারপতি।
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা সম্ভব।
রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল অফিসের পরিকাঠামোর ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাপনার বিস্তারিত রিপোর্ট জমা পড়বে হাইকোর্টে। আদালতের নিযুক্ত পর্যবেক্ষক ওই অফিসগুলি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলে তবেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল বহাল থাকবে।
নাম বাদ পড়লে কতদিনের মধ্যে আবেদন করতে পারবেন ভোটাররা?
সুপ্রিম কোর্ট-এর নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে।
২৩ মার্চ প্রকাশিত তালিকার ক্ষেত্রে এই সময়সীমা দাঁড়াচ্ছে ৬ এপ্রিল পর্যন্ত। একই নিয়ম প্রযোজ্য হবে পরবর্তী তালিকার ক্ষেত্রেও। অর্থাৎ আজ যে নতুন তালিকা প্রকাশিত হবে, তাতে যাঁদের নাম থাকবে না, তাঁরা ১১ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
অ্যাপিলেট ট্রাইবুনাল নিয়ে কী জানিয়েছে কমিশন?
জানা গিয়েছিল, রাজ্যের তরফে অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের চারটি সম্ভাব্য জায়গার প্রস্তাব দেওয়া হলেও নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতেই ট্রাইবুনাল গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে কতগুলি ট্রাইবুনাল বসানো যাবে, তা খতিয়ে দেখতে শীঘ্রই পরিদর্শনে যাওয়ার কথা ছিল কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সিইও দফতরের আধিকারিকদের। সেই প্রসঙ্গে মনোজ আগরওয়াল জানান, ''ট্রাইব্যুনাল নিয়ে লিস্ট এসে গেছে। কোথায় হবে সেটা জুডিশিয়াল একাডেমি দেখা হচ্ছে। আজ পরিদর্শন হয়েছে, রিপোর্টও দেওয়া হয়েছে। এবার হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সফটওয়্যার রেডিই আছে কমিশনের।''
সব ঠিক থাকলে এক বা দুদিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে, একটাই জায়গা ঠিক হবে। রঘুনাথগঞ্জ নিয়ে ডিজিপি-এর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তারপর বিস্তারিত জানানো হবে কমিশনের তরফে।