আজ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এখনও পর্যন্ত মোট নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৭ লক্ষ। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম বেরিয়েছে। আজ প্রকাশ পেতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 March 2026 22:03
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে গত সোমবার মধ্যরাতে এসআইআরের প্রথম অতিরিক্ত তালিকা (West Bengal SIR Supplementary List 2026) প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। বুধবারই কমিশনের তরফে জানিয়ে দিয়েছিল, আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা (Second SIR Supplementary List 2026) প্রকাশ পেতে পারে।
আজ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এখনও পর্যন্ত মোট নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৭ লক্ষ। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম বেরিয়েছে। আজ প্রকাশ পেতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট।
প্রথম তালিকা বেরোতে কমিশনের জানানো নির্ধারিত সময় পেরিয়ে মধ্যরাতে গড়িয়েছিল। এবার কখন বেরোতে পারে তালিকা? মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ''কটা নাগাদ তালিকা বেরতে পারবে জানা নেই। তবে, এ পর্যন্ত মোট ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। কমিশনের পোর্টালে এখন কোনও সমস্যা নেই।''
জানা গিয়েছিল, রাজ্যের তরফে অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের চারটি সম্ভাব্য জায়গার প্রস্তাব দেওয়া হলেও নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতেই ট্রাইবুনাল গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে কতগুলি ট্রাইবুনাল বসানো যাবে, তা খতিয়ে দেখতে শীঘ্রই পরিদর্শনে যাওয়ার কথা ছিল কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সিইও দফতরের আধিকারিকদের। সেই প্রসঙ্গে মনোজ আগরওয়াল জানান, ''ট্রাইব্যুনাল নিয়ে লিস্ট এসে গেছে। কোথায় হবে সেটা জুডিশিয়াল একাডেমি দেখা হচ্ছে। আজ পরিদর্শন হয়েছে, রিপোর্টও দেওয়া হয়েছে। এবার হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সফটওয়্যার রেডিই আছে কমিশনের।''
সব ঠিক থাকলে এক বা দুদিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে, একটাই জায়গা ঠিক হবে। রঘুনাথগঞ্জ নিয়ে ডিজিপি-এর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তারপর বিস্তারিত জানানো হবে কমিশনের তরফে।
ভোটের আগে এ রাজ্যে অশান্তির ঘটনা নতুন নয়। এ নিয়ে আগেই সতর্ক কমিশন। সেই অনুযায়ী নির্দেশিকাও জারি করেছে কমিশন। তার মধ্যেও ভোট-পূর্ববর্তী প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বাসন্তী থেকে রানাঘাট।
বাসন্তী এবং রানাঘাট প্রসঙ্গে কমিশনের তরফে মনোজ আগরওয়ালের সাফ বক্তব্য, ''দায়িত্বে থাকা আইসি-র জানা উচিত ছিল কখন কেন্দ্রীয় বাহিনী ডাকা হবে। রানাঘাটের ঘটনাও দুর্ভাগ্যজনক। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।''
প্রসঙ্গত, কর্তব্যে গাফিলতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে শুক্রবারই সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB) ইন্সপেক্টর প্রবীর ঘোষকে।