অভিষেকের ভাষায়, “সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয়— এই আদর্শকেই পাথেয় করে দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ফিরছে আপনাদের জন্য।” ‘

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 7 November 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: মানবসেবাই যে প্রকৃত ধর্ম, সেই বিশ্বাস থেকেই ফের একবার স্বাস্থ্যসেবার মন্ত্রকে সামনে রেখে পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের (Diamond Harbor) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তাঁর উদ্যোগে আবারও শুরু হতে চলেছে ‘সেবাশ্রয় ২’ (SEBAASHRAY 2 )— বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা প্রকল্প, যা ইতিমধ্যেই মানুষের বিশ্বাস, আস্থা আর ভরসার জায়গা হয়ে উঠেছে।
অভিষেকের কথায়, “মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করা ‘সেবাশ্রয়’-এর লক্ষ্য। ডায়মন্ড হারবারের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। কথা দিয়েছিলাম, ‘সেবাশ্রয়’ আবারও ফিরবে— আর সেই প্রতিশ্রুতিই রাখছি।”
সোশ্যাল মাধ্যমে সেবাশ্রয়-২ এর সময়সূচিও ঘোষণা করেছেন অভিষেক। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। এরপর ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে অনুষ্ঠিত হবে মেগা ক্যাম্প। প্রতিটি শিবির চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

‘সেবাশ্রয় ২’-এর মূল লক্ষ্য— গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষ যেন বিনা খরচে মানসম্মত চিকিৎসা পান। আগের বারই এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মানুষ পেয়েছিলেন ওষুধ, চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। এবার উদ্যোগ আরও বড়, আরও বিস্তৃত।
অভিষেকের ভাষায়, “সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয়— এই আদর্শকেই পাথেয় করে দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ফিরছে আপনাদের জন্য।” ‘সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার’— এই মন্ত্রেই ডায়মন্ড হারবারে ফের শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয় ২’।