রান্নার বাজার সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। বিশেষত নিম্নবিত্ত, দিন আনি দিন খাই মানুষদের পক্ষে এই দামে বাজার করা কার্যত অসম্ভব। অনেকেই অভিযোগ করছেন, সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী বাড়তি লাভ করছেন।
.jpeg.webp)
বাজারে টাস্ক ফোর্স.। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 11 July 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজির ফলন মার খাওয়ায় বাজারে চড়চড় করে দাম বাড়ছে লঙ্কা ও বেগুনের। শুক্রবার সকাল সকাল সেই পরিস্থিতি খতিয়ে দেখতে কোলে মার্কেটে (Kole Market) হানা দিল রাজ্য সরকারের টাস্ক ফোর্স (Task Force)। পাইকারি বাজারে (Market) ঢুকে একের পর এক দোকানে দামের (Price) হেরফের দেখে চোখ কপালে ওঠে আধিকারিকদের।
টাস্ক ফোর্সের এক সদস্য জানান, ‘‘একই বাজারে কোথাও বেগুন বিক্রি হচ্ছে ৫০০ টাকা পাল্লা, আবার কোথাও ৪০০ টাকা, কারও দোকানে ২৫০ টাকা। এটা চলতে পারে না। সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে।’’
দাম নিয়ন্ত্রণে না আনলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আধিকারিকরা। তাঁদের কড়া বার্তা, সবজির জন্য এক দামে বেচাকেনা নিশ্চিত করতে হবে, নয়তো আইনানুগ পদক্ষেপ হবে।
পাইকারি বাজার হিসেবে কোলে মার্কেটের গুরুত্ব অনেক। তাই এখানকার পরিস্থিতি বুঝতেই এদিন সকালবেলা অভিযান চালানো হয় বলে জানান টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, ‘‘বাজারে বেগুন ও কাঁচালঙ্কার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। আমরা তদন্ত করে রিপোর্ট চিফ সেক্রেটারিকে জমা দেব।’’
ব্যবসায়ীদের যুক্তি, লাগাতার বৃষ্টিতে মাঠঘাট জলমগ্ন। অনেক জায়গায় ফসল পচে গিয়েছে। সেই কারণেই উৎপাদন কমেছে, সরবরাহে টান পড়েছে, যার জেরে বাড়ছে দাম। বিশেষত লঙ্কার ক্ষেত্রে রাজ্যের বেলডাঙা সহ একাধিক চাষাঞ্চলে মজুত প্রায় শেষ। ফলে বাইরে থেকে আমদানি ছাড়া উপায় নেই। তবে আশা, বাইরে থেকে লঙ্কা এলে দাম কিছুটা কমবে।
এদিকে রান্নার বাজার সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। বিশেষত নিম্নবিত্ত, দিন আনি দিন খাই মানুষদের পক্ষে এই দামে বাজার করা কার্যত অসম্ভব। অনেকেই অভিযোগ করছেন, সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী বাড়তি লাভ করছেন।
এই পরিস্থিতিতে টাস্ক ফোর্সের হঠাৎ হানা স্বস্তি দিচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের। অনেকেই বলছেন, ‘‘এভাবে নজরদারি চললে হয়তো দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে।’’