বিকল্প ব্যবস্থা হিসাবে আপাতত জেব্রা ক্রসিং করে রাস্তা পারাপারের পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 10 July 2025 20:36
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত জলের নীচে তলিয়ে গিয়েছিল সাঁতরাগাছি আন্ডারপাস (Santragachi Underpass)। কোমর সমান জলে আটকে পড়ে যান চলাচল, বিপাকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। হাঁটাও অসম্ভব হয়ে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, বিকল্প রাস্তা খুঁজতে উদ্যোগী হল প্রশাসন।
ইতিমধ্যে আন্ডারপাস এলাকায় যৌথভাবে পরিদর্শনে যান হাওড়া পুরসভা ও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। বিকল্প ব্যবস্থা হিসাবে আপাতত জেব্রা ক্রসিং করে রাস্তা পারাপারের পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।
কেন এই অবস্থা?
সাঁতরাগাছি স্টেশনের সামনে রেলের পরিকাঠামো উন্নয়ন এবং এলিভেটেড করিডরের কাজের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ সমস্ত নিকাশি আউটলেট। তার জেরেই অল্প বৃষ্টিতেই জল জমে থাকছে আন্ডারপাসে। গত তিন মাস ধরে সমস্যা চললেও বর্ষা নামতেই চরম আকার নিয়েছে। এখন পুরো আন্ডারপাস ও সাবওয়ে পর্যন্ত জল ছড়িয়ে পড়েছে।
জল বের করা নিশ্চিত করতে ঝিল পর্যন্ত অস্থায়ী খাল কাটা শুরু করেছে হাওড়া পুরসভা। পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, “জগাছা স্টেশন রোড পর্যন্ত জল পৌঁছচ্ছে। তাই ঝিল পর্যন্ত খাল কেটে জল বার করার ব্যবস্থা করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা প্রশ্ন তুলছেন, এমন সঙ্কটের পরেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ নীরব কেন? রাস্তা পারাপারের কোনও স্থায়ী বিকল্প বা জল অপসারণের টেকসই পরিকল্পনার কোনও চিহ্ন নেই বলেই অভিযোগ।
আপাতত আন্ডারপাস বন্ধ রেখে কিছুটা আগে জেব্রা ক্রসিং করে মানুষজনকে রাস্তা পার করানো যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সমাধান খোঁজারও চেষ্টা হচ্ছে।