বৈঠক শেষে ওমর আবদুল্লা বলেন “দিদিকে বলেছি, সুযোগ পেলে যেন কাশ্মীরে আসেন। আমি তো বহুবার অতিথি হয়ে এসেছি বাংলায়। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।”
.jpeg.webp)
নবান্নে দুই মুখ্যমন্ত্রী।
শেষ আপডেট: 10 July 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের বিভীষিকার পরে ফের কাশ্মীরকে (Kashmir) ঘিরে আশার আলো দেখাতে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, রাজ্য সচিবালয় নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ((Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন তিনি। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, কাশ্মীরকে ঘিরে রাজ্য ও কেন্দ্রের ভূমিকা, নিরাপত্তা, পর্যটনের পুনরুদ্ধার এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়— সব মিলিয়ে ঘরোয়া অথচ তাৎপর্যপূর্ণ আলোচনায় বসলেন দুই মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে ওমর আবদুল্লা বলেন “দিদিকে বলেছি, সুযোগ পেলে যেন কাশ্মীরে আসেন। আমি তো বহুবার অতিথি হয়ে এসেছি বাংলায়। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।”
জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভরা আশ্বাস, “কাশ্মীর আমাদের দেশের গর্ব। পহেলগামে যা ঘটেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তার জন্য কাশ্মীরকে একঘরে করে রাখা যায় না। কেন্দ্রকে দেখতে হবে, কাশ্মীর যেন আরও নিরাপদ হয়। আমি কাশ্মীরকে ভালোবাসি। দুর্গাপুজোতে আমি ওমরজিকে আমন্ত্রণ জানালাম— বাংলা যেন ওঁকে অতিথি হিসেবে পায়।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন. “টলিউডের পরিচালক-প্রযোজকদের বলব কাশ্মীরে গিয়ে শুটিং করুন। ওখানকার অপার সৌন্দর্য যেন পর্দায় ফিরে আসে। কাশ্মীরের সংস্কৃতি বাংলায় তুলে ধরার জন্য পর্যটন দফতরকে নির্দেশ দেব।”
কাশ্মীরের মুখ্যমন্ত্রীর গলাতেও আত্মবিশ্বাসের সুর, “পহেলগামের ঘটনার পরে কিছুদিন হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। বিমান চলাচল কমে গিয়েছিল। কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর। দিনে ৫০টা বিমান যেত, তা নেমে গিয়েছিল ১৫-তে, এখন আবার বেড়ে হয়েছে ২০-২৫। কলকাতা থেকেও সরাসরি ফ্লাইট চালু হয়েছে।”
তিনি জানান, কাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়। ওমরের কথায়, “পর্যটকরা আসছেন, অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তাঁরা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে।” ওমর এও বলেন, “আমি ফাঁকা কাশ্মীরকে প্রোমোট করতে আসিনি, এসেছি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে।”