"আমি ফাঁকা জম্মু-কাশ্মীরকে প্রোমোট করতে আসিনি। এসেছি কাশ্মীরের পর্যটনকে আবার গতি দিতে।"-ওমর আবদুল্লা।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 July 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরকে (Kashmir) আর ভয় পাবেন না, ফের সেই আর্জিই জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (CM Omar Abdullah)। বুধবার কলকাতায় (Kolkata) এসে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমি ফাঁকা জম্মু-কাশ্মীরকে প্রোমোট করতে আসিনি। এসেছি কাশ্মীরের পর্যটনকে আবার গতি দিতে।"
২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের (Tourists) মৃত্যু আতঙ্ক তৈরি করেছিল। মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকরা। মুখ্যমন্ত্রীর কথায়, “২০২৫ সাল আমাদের কাছে সহজ নয়। সেই হামলার আগে জম্মু-কাশ্মীরকে প্রমোট করতে হত না। কারণ তখন আমরা পর্যটনের সর্বোচ্চ শিখরে ছিলাম। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।”
তিনি বলেন, “আমি বুঝতে পারছি, মানুষের মধ্যে এখনও আতঙ্ক আছে। কিন্তু এবার অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ গিয়েছেন। তাঁরা ফিরে এসে বলুন, তাঁরা কি নিজেকে নিরাপদ ভাবেননি?”
কাশ্মীরের হোটেলগুলোও সেই আতঙ্কে ছিল অনেকদিন ফাঁকা। মুখ্যমন্ত্রী বলেন, “ভরা হোটেল থেকে খালি হোটেল, ভরা ডাল লেক থেকে খালি ডাল লেক—সবই দেখেছি। কিন্তু এখন ফের পর্যটক আসতে শুরু করেছেন। আগে যেখানে দিনে ৫০টি বিমান চলত, হামলার পরে তা নেমে গিয়েছিল মাত্র ১৫-এ। এখন আবার বেড়ে ২০-২৫টি বিমান জম্মু-কাশ্মীরে আসছে। কলকাতা থেকেও সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে।”
তিনি জানান, “কাশ্মীর এখন আর ফাঁকা নয়। পাহাড়, জঙ্গল, নদী—সবই রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। জঙ্গিদের খুঁজে বের করার জন্য চলছে তল্লাশি। যাতে সাধারণ মানুষের বা পর্যটকদের এলাকায় কোনওভাবে তারা ঢুকতে না পারে, সেটাই আমাদের প্রথম কাজ।”
ওমর আবদুল্লা আরও বলেন, “পশ্চিমবঙ্গ ও জম্মু-কাশ্মীরের মধ্যে বহু পুরনো সম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ যেমন কাশ্মীর পছন্দ করেন, তেমনই কাশ্মীরবাসীর কাছেও বাংলার গুরুত্ব আছে। ৯০-এর দশক থেকেই কাশ্মীরের পর্যটনে বাংলা ও গুজরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আশ্বাস দিয়েছেন, “আমরা নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। পর্যটকরা নিশ্চিন্তে আসতে পারেন। পহেলগামও খুলে গিয়েছে, যদিও কিছু নির্দিষ্ট জায়গায় নিরাপত্তা অডিট চলছে, তাই সাময়িকভাবে বন্ধ।” খানিক থেমে তাঁর আবেগজনিত বার্তা, “আপনারা আসুন। জম্মু-কাশ্মীর প্রস্তুত আপনাদের স্বাগত জানাতে।”