তৃণমূলের আশঙ্কা, এটা নিছক গাফিলতি নয়, এর পেছনে অন্য কোনও ভয়ঙ্কর উদ্দেশ্য থাকতে পারে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 10 July 2025 13:06
দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিহারে ((Bihar Assembly Election) বিধানসভা নির্বাচন। আর তার আগেই ভোটার তালিকা সংশোধনের (Voter Card ) কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকাকেই ঘিরে উঠেছে বিস্তর প্রশ্ন। এবার নির্বাচন কমিশনের (Election Commission) গাফিলতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস (Tmc)।
দলের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, বিহারের মাধেপুরা জেলায় এক মহিলার ভোটার আইডি কার্ডে তাঁর নিজের ছবির পরিবর্তে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি! তৃণমূলের দাবি, এই ঘটনা শুধু চাঞ্চল্যকর নয়, বরং ভোটার তালিকা তৈরির কাজ নিয়ে কমিশনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়েছে, “এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বিহার, মাধেপুরায় এক মহিলার ভোটার আইডিতে তাঁর নিজের ছবির বদলে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি! এমন আজব ও ভুলে ভরা ভোটার কার্ড একাধিক রাজ্য থেকে উঠে আসছে। জাতীয় নির্বাচন কমিশন কী করছে? কিছুই না।”
এরপরই কমিশনের উদ্দেশে তৃণমূল একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেয়—
“এমন অবিশ্বাস্য ভুল কীভাবে নজরের সামনে ঘটে চলেছে?”
“কত সংখ্যক ত্রুটিপূর্ণ ভোটার আইডি রয়েছে এখনও?”
“কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি এমন ভুল হয়েছে?”
“এর ফলে পূর্ববর্তী কতগুলি নির্বাচন আজ প্রশ্নের মুখে?”
“কমিশন কীভাবে নিশ্চিত করবে যে নিজের ভুলের খেসারত মানুষ যেন ভোটাধিকার হারিয়ে না বসেন?”
তৃণমূলের আশঙ্কা, এটা নিছক গাফিলতি নয়, এর পেছনে অন্য কোনও ভয়ঙ্কর উদ্দেশ্য থাকতে পারে।
বস্তুত, ২০২৬ সালের মধ্যে পশ্চিমবঙ্গেও ভোট আসছে। তার আগেই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে তৃণমূল যে সতর্ক, তা আরও একবার স্পষ্ট করলেন নেতারা। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাতে চাইছে কমিশন।
এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভবিষ্যৎ বিধানসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এখন দেখার কমিশনের তরফে এই ঘটনার কী ব্যাখ্যা আসে।