
শেষ আপডেট: 5 March 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসে হয়তো এই প্রথম। রমজানের আগে প্রায় জনশূন্য মক্কা। খাঁ খাঁ করছে মসজিদ। অন্যসময় যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকে, সেখানে চোখে পড়েছে গুটিকতক পুণ্যার্থীকে। বৃহস্পতিবারের পর থেকে তীর্থযাত্রীদের আসাও বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। করোনা আতঙ্কের ছাপ পড়েছে মুসলিম সবচেয়ে বড় তীর্থযাত্রায়।
বুধবারই সৌদি প্রেস এজেন্সির তরফে জানানো হয়েছিল, করোনার সংক্রমণ ছড়িয়েছে সৌদিতেও। বিপদের আশঙ্কায় মক্কা যাত্রা বন্ধ করতে চলেছে সরকার। বৃহস্পতিবারের পর থেকে বিদেশি কোনও তীর্থযাত্রীকেই ঢুকতে দেওয়া হবে না সৌদিতে। বাতিল হয়েছে একাধিক উড়ান।
হজ ছাড়াও সারা বছর মক্কার কাবা-ঘর পরিদর্শণে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। একে ওমরাহ বলে। সৌদি সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ বছর করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে সৌদিতে। বাইরের কোনও তীর্থযাত্রীকেই মক্কায় ঢুকতে দেওয়া হবে না। মদিনার মসজিদও বন্ধ থাকবে আগামী একমাসের জন্য।
২৮ জুলাই থেকে হজযাত্রা শুরু হওয়ার কথা। চলবে ২ অগস্ট পর্যন্ত। এ বছর মক্কায় ৩০ লক্ষেরও বেশি পুণ্যার্থীর ভিড় হবে বলে আগাম জানানো হয়েছিল। কিন্তু ভাইরাসের ভয় মাত্র ৬০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে মনে করছে সৌদি প্রশাসন। তবে করোনার সংক্রমণ বাড়লে এই সংখ্যক লোকও মক্কায় আসবেন কি না সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
প্রায় জনশূন্য মক্কার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলেছেন, ইতিহাসে প্রথম মক্কার গ্র্যান্ড মসজিদকে এই রূপে দেখা গেল। পাঁচদিনের উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগমের ছবি খবরের শিরোনামে ওঠে। অনেক টুইটারাইটই বলেছেন, ‘‘খুবই দুঃখজনক। এমন আশা করা যায় না। ভাইরাস আতঙ্কে মুসলিমদের সবচেয়ে বড় তীর্থযাত্রা বন্ধ হতে বসেছে।’’
গোটা বিশ্বেই এখন ত্রাস সিওভিডি-১৯। ভাইরাসের সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সঙ্কট বলে ঘোষণা করেছে হু। চিনের পরেই করোনার সংক্রমণে কাবু ইরান। সেখানে ইতিমধ্যেই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭ জনের। আক্রান্ত প্রায় আড়াই হাজার। সংক্রামিত ইরানের ভাইস প্রেসিডেন্টও। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় শুক্রবারের নমাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গত সোমবারই রিয়াধে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। বুধবার সংক্রমণের খবর আসে আরও একজনের। সৌদি প্রশাসন জানিয়েছে, ইরান ফেরত দু’জন করোনা আক্রান্ত। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে আরও অনেকের শরীরেই।
নোভেল করোনার দাপটে চিনে মৃতের সংখ্যা ৩,০১৩। মোট সংক্রামিত ৮০ হাজারেরও বেশি। নতুন ১৬০ জনের মধ্যে সংক্রমণের খোঁজ মিলেছে। বিশ্বে এখন চিনের পরে দক্ষিণ কোরিয়ায় করোনা-আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। রিপোর্ট বলছে, সেখানে সংক্রামিতের সংখ্যা ৫,৭৬৬। নতুন ১৪৫ জন কোভিড-১৯ পজিটিভ। মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৮। উত্তর কোরিয়াও করোনার দাপটের বাইরে নয়। দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম দাবি করেছে, সেখানে করোনা আক্রান্ত এক রোগীকে গুলি করে খুন করা হয়েছে। সংক্রামিতের সঠিক সংখ্যা আড়াল করে রেখেছে কিমের দেশ।
সিঙ্গাপরের মসজিদগুলিতেও জারি হয়েছে সতর্কতা। অনেক মসজিদেই জুম্মাবারের নমাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বহু মানুষের জমায়েত রুখতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। ব্রিটিনের মুসলিম কাউন্সিল বোর্ড জানিয়েছে, মসজিদ ও ইসলাম স্কুলগুলিকে স্যানিটাইজ করা হবে। তাজাকিস্তানেও আগামী কয়েক সপ্তাহের জন্য শুক্রবারের নমাজ পড়া বন্ধ করেছে প্রশাসন।
ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৩১ জন। যাদের মধ্যে ১৬ জন ইতালিয় পর্যটক। দিল্লি, আগ্রা, তেলঙ্গানা, হায়দরাবাদে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। করোনাভাইরাসের আতঙ্কে বেলজিয়াম সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক ছিল ভারতের। সেই বৈঠকেই যোগ দিতে যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু তা বাতিল করা হয়েছে।