
শেষ আপডেট: 2 March 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআই এর মিছিল ঘিরে বসিরহাটে তুলকালাম। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে শনিবার বসিরহাটে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীদের মিছিল এগোতে থাকে এসপি অফিসের দিকে। মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড করেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। বাম কর্মী-সমর্থকরা সেই বাধা উপেক্ষা করে এগোতেই তাদের রুখতে বেপরোয়া লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। লাঠির ঘায়ে বেশ কয়েকজন বাম কর্মী-সমর্থক জখম হয়েছেন বলে দাবি।
এসপি অফিসে গিয়ে ডেপুটেশন দিতে মরিয়া বাম কর্মীরা। কিন্তু পুলিশ তাঁদের যেতে দিতে নারাজ। তাই রাস্তার উপরেই বসে পড়েন বাম কর্মী-সমর্থকরা। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "পুলিশে মদতেই সন্দেশখালিতে শেখ শাহজাহান তৈরি হয়েছে। নির্বিচারে খুন-ধর্ষণ-গরীব মানুষের জমি দখল করেছে। তখন পুলিশ বাধা দেয়নি। আর এখন ঘটনার প্রতিবাদ জানাতে এলে আমাদের রুখে দেওয়া হচ্ছে।"
গত ২৬ এ ফেব্রুয়ারি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারের অফিসে গিয়েই অভিযোগ জানিয়েছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী। দোষী পুলিশ অফিসারদের শাস্তি দেওয়ার জন্য চার দিনের সময়সীমা বেঁধে দিয়ে এসেছিলেন। শুক্রবার সেই সময়সীমা শেষ হয়। এরপরেই শনিবার বারবেলায় সিপিএম কর্মীদের নিয়ে বসিরহাটের এসপি অফিসে অভিযান করেন মীনাক্ষী মুখার্জি।
মীনাক্ষীদের ধর্নায় অবরুদ্ধ হয়ে পড়ে বসিরহাট-তেঁতুলিয়া রোড। ব্যস্ত এই রাস্তায় সার দিয়ে পড়ে গাড়ি। তবে ডেপুটেশন না দিতে পারলে ধর্না ছেড়ে উঠবেন না বলে জানিয়ে দেন মীনাক্ষী।