লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর ছোট ছেলে ও গাড়িচালক। গুরুতর জখম ভোলানাথ। এই ঘটনায় জেলবন্দি শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভূমিকা নিয়েই সরাসরি আঙুল তুলেছে তাঁর পরিবার।

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 December 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি মামলার (Sandeshkhali Case) অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে (Bholanath Ghosh) লক্ষ্য করে ‘পরিকল্পিত খুনের চেষ্টার’ অভিযোগ তুলল পরিবার। বুধবার সকালে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ারমারির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভোলা। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর ছোট ছেলে ও গাড়িচালক। গুরুতর জখম ভোলানাথ। এই ঘটনায় জেলবন্দি শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভূমিকা নিয়েই সরাসরি আঙুল তুলেছে তাঁর পরিবার।
ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের সোজাসাপ্টা অভিযোগ, “এটা শাহজাহানেরই কাজ। বাবাকে মারতেই এই ছক। জেল থেকেই সব চালাচ্ছে ও।” তাঁর দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। “লরি একবার নয়, তিন বার ধাক্কা মেরে গাড়িটাকে পুকুরে ফেলে দিতে চাইছিল। তারপর চালক বাইকে চেপে পালিয়ে যায়। সবটাই সাজানো,” বলেন তিনি।
পরিবারের দাবি, ভোলা দীর্ঘদিন ধরে মামলার সাক্ষী হওয়ায় বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। কিছুদিন আগেই দুষ্কৃতীরা রাতে তাঁদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ। বিশ্বজিৎ জানান, তাঁর বাবা সাধারণত চালকের পাশেই বসেন। কিন্তু এদিন কোনও কারণে তাঁর ছোট ভাই সেই আসনে বসেছিলেন। ফলে দুর্ঘটনাতেই তার মৃত্যু।
এ ঘটনায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্বও। বিজেপি নেতা সজল ঘোষ এবং গতবারের বিজেপি প্রার্থী রেখা পাত্রের অভিযোগ, “এটি পরিকল্পিত খুন। জেল থেকে শাহজাহান সন্দেশখালি নিয়ন্ত্রণ করছে—আমরা আগেই বলেছিলাম। আজ আবার তা প্রমাণ হল।”
তবে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, “পুলিশ তদন্ত করছে। সত্যিই কী ঘটেছে তা অবশ্যই সামনে আসবে।” পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, লরির গতি, ব্রেক, চালকের আচরণ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তাঁদের বক্তব্য, “রাজ্য পুলিশের হাতে তদন্ত থাকলে সত্য চাপা পড়ে যেতে পারে।” শীঘ্রই আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তাঁরা।
দুর্ঘটনা না কি পরিকল্পিত হামলা—এই প্রশ্নে উত্তাল সন্দেশখালি।