বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মেনে নেন অন্য রাজ্য থেকে লোক আসছেন এই বাংলায়। বলেন, সবাই ট্রেন ভর্তি করে ফিরছেন ওঁকে শ্রদ্ধা জানাতে।

শমীক ভট্টাচার্য
শেষ আপডেট: 31 March 2026 17:53
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) অভিযোগ করেছেন, বাইরের রাজ্য থেকে লোক এনে আসন জেতার চেষ্টা করছে বিজেপি (BJP)। এবার সেই অভিযোগেরই সরাসরি জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি মেনে নেন অন্য রাজ্য থেকে লোক আসছেন এই বাংলায়। তাঁরা ভোট (West Bengal Assembly Election 2026) দেবেন বলেও জানিয়েছেন শমীক।
মঙ্গলবার বিকেলের সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শমিক। বাইরের রাজ্য থেকে লোক আসার কথা কার্যত স্বীকার করে নিয়ে তিনি বলেন, "বাইরের রাজ্য থেকে লোক আসছেন। যারা খাবারের খোঁজে বাংলা ছাড়তে বাধ্য হয়েছেন, তাঁরা সবাই ট্রেন ভর্তি করে ফিরছেন ওঁকে শ্রদ্ধা জানাতে। হৈ হৈ করে এসে তাঁরা ভোট দেবেন।" আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, "ট্রেনের নম্বর আপনাদের দিয়ে দেব। যাতে হাওড়া স্টেশনে আপনারা যেতে পারেন ওনাদের স্বাগত জানাতে।"
এখানেই না থেমে তিনি জানিয়েছেন, শুধু রাজ্য নয়, প্রবাসী বাঙালিরা, বিদেশে থাকা বিজেপি-র বাঙালি বন্ধুরা আসছেন। পাশাপাশি এই রাজ্যে বিনিয়োগ আনার চেষ্টা করবেন তাঁরা। আত্মবিশ্বাসের সুরে শমীক বলেন, "আপনারা এতদিন মেক ইন ইন্ডিয়া দেখেছেন, এবার দেখবেন মেক ইন বেঙ্গল।" তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন শমীক।
মঙ্গলবার সকালে চন্দ্রকোনার সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বারিরের রাজ্য থেকে লোক এনে ভোট লুঠ করার চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই নতুন ভোটারের নাম তোলার জন্য প্রায় তিরিশ হাজার ফর্ম জমা দিয়েছে তারা। মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তারাতারি চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বাবু কী হয়েছে?” অভিষেক বলল, “দিদি জানো না, ওরা তিরিশ হাজার ফর্ম জমা দিয়েছে নতুন করে।” তাঁর অভিযোগ, পুরনো নামের নিষ্পত্তি না করেই বাইরে থেকে ভুয়ো ভোটার এনে লিস্টে নাম তোলা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুনানি করে বাকি থাকা নাম তোলা শেষ হয়নি অথচ বিহার–রাজস্থান-হরিয়ানার মত জায়গা থেকে লোক এনে বাংলার ভোটার তালিকায় তাদের নাম ঢোকাচ্ছে। তাঁর আশঙ্কা, বিজেপি বাইরে থেকে লোক থেকে খড়গপুর, আসানসোলের মত জায়গায় ভোট দেওয়াবে। তাঁর অভিযোগ, “বাংলার মানুষকে বাদ দিয়ে ডবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে।”
ফর্ম-৬ ফিলআপ (Form 6) করিয়ে বাইরের ভোটারদের বাংলায় ঢোকানো হচ্ছে। সোমবার সেই অভিযোগ তুলে সিইও অফিসে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সপ্তাহের দ্বিতীয় দিনেও সিইও অফিসের সামনে নতুন করে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, সোমবারের মতো মঙ্গলবারও ভিনরাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর যে প্রচেষ্টা চলছিল, হাতেনাতে তার প্রমাণ মিলেছে। এই ‘জালিয়াতি’ রুখতে এবং স্বচ্ছতার দাবিতেই ফের ধরণার পথ বেছে নিয়েছে শাসকদল।