দ্য ওয়াল ব্যুরো: নিজের চুল কেটে আগেই হাত পাকিয়েছেন। এবার ছেলের চুলও কেটে দিলেন সচিন তেন্ডুলকর। বললেন, বাবা হলে সবই করতে হয়।
দেশজুড়ে লকডাউনে অনেকেই বাড়িকে সেলুন বানিয়েছেন। ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি তো অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে দিয়ে চুল কাটিয়েছেন। আর মাস্টার ব্লাস্টার নিজেই নিজের হেয়ার স্টাইল সামলেছে। এবার ছেলে অর্জুনের জন্যও কাঁচি ধরলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। নিজের নতুন হেয়ার স্টাইলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের থেকে দারুণ সাড়া পেয়েছিলেন। এবার পরীক্ষা-নিরীক্ষা চালালেন ছেলে অর্জুনের চুলে।
বাবা-ছেলের এই দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সচিন কন্যা সারা। আর সেটা ইনস্টাগ্রামে শেয়ার হতেই হইচই পড়ে যায়। সচিন সেই ভিডিওর সঙ্গে লিখেছেন, বাবা হলে সন্তানের জন্য অনেক কিছু করতে হয়। তিনিও তাই লকডাউনে কাঁচি হাতে নিয়েছেন।
প্রথম দফা লকডাউন ঘোষণার কিছুদিন পরেই বিরাট কোহলির হেয়ার কাট করে দেন অনুষ্কা শর্মা। কাঁচি হাতে চুল কাটছেন অভিনেত্রী স্ত্রী, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা হুড়মুড়িয়ে ভাইরাল হয়ে যায়।
মঙ্গলবার ব্যাটের হাতে কাঁচি ধরার ভিডিও নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে সচিন তাঁর মেয়ে সারাকে ধন্যবাদ জানান৷ কারণ তাঁর সেলুনে মেয়ে সারা সহকারী হিসাবে কাজ করেন। ভিডিওটি সঙ্গে তিনি লেখেন, "একজন বাবা হিসাবে আপনার সব কিছু করা দরকার, আপনার বাচ্চাদের সঙ্গে গেম খেলুন, তাদের সঙ্গে জিমি করুন বা তাদের চুল কাটুন৷ যেমনই চুল কাটা হোক না কেন, সুন্দর লাগবে৷"