এবারে আর জঙ্গলে নয়, বনবাদড় উজিয়ে একেবারে গেরস্থর ঘরে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 25 June 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ডিসেম্বরের স্মৃতি উস্কে পাহাড়ে, জঙ্গলে ঘেরা পুরুলিয়া (Purulia) লাগোয়া এলাকায় আবার দেখা মিলল বাঘের (Royal Bengal Tiger)। তবে এবারে আর জঙ্গলে নয়, বনবাদড় উজিয়ে একেবারে গেরস্থর ঘরে ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।
ঘটনাস্থল, ঝাড়খণ্ডের রাঁচি বনবিভাগের সিলি রেঞ্জের মাড়দু গ্রাম। অদূরেই ঝালদা রেঞ্জের সীমানা। সেখানকারই এক গেরস্থর বাড়িতে বুধের সকালে হাজির বাঘ মামা! উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাড়ির গৃহকর্তা কোনও মতে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজায় শিকল টেনে দেন। বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ার পর থেকেই আতঙ্কে তটস্থ বন দফতরের পুরুলিয়ার ঝালদা রেঞ্জ এলাকার বাসিন্দারা।
ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ঝাড়খণ্ডের পালামৌ ও রাঁচি বন দফতরের কর্তারা। বন্ধ ঘরের দরজার সামনে বসানো হয়েছে অত্যাধুনিক খাঁচা। বাঘটি বাইরে বেরোলেই তাঁকে খাঁচাবন্দি করার পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রয়োজনে ট্র্যাঙ্কুলাইজেশন করার জন্য তৈরি রাখা হয়েছে ঘুম পাড়ানি গুলিও।
সীমানাটি ঝাড়খণ্ডে হলেও সেখান থেকে পুরুলিয়ার ঝালদার দূরত্ব পায়ে হেঁটে কয়েক মিনিট। স্বভাবতই, গত বছরের আতঙ্ক ফিরেছে ঝালদাতে। সবমিলিয়ে ৬ মাসের ব্য়বধানে বাঘকে বন্দি করার জন্য পুরুলিয়া সংলগ্ন জঙ্গলে আবার যুদ্ধকালীন তৎপরতা।
গত বছরের ডিসেম্বরে আচমকা ওড়িশা থেকে এরাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহলে ঢুকে পড়েছিল বাঘিনি জিনাত। টানা ১০ দিন ধরে বনবাদড়ে দৌড়ে বনকর্মীদের নাকানিচোবানি খাইয়ে অবশেষে ঘুম পাড়ানি গুলিতে জব্দ হয়েছিল সে। বাঘিনি জিনাতকে পুনরায় ওড়িশায় পাঠানোর পর তার খোঁজে এরপর একাধিকবার পুরুলিয়ার জঙ্গলমহলে বাঘের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। যা থেকে বনকর্তাদের অনেকেই মনে করেছিলেন, বাঘিনি জিনাতের খোঁজেই হয়তো পুরুলিয়ায় বাঘের আনাগোনা।
এবারে গেরস্থর বাড়ির মধ্যে ঢুকে পড়া বাঘিনির এই সঙ্গী বাঘ না বাঘিনি তা এখনও স্পষ্ট নয়। পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, ‘বাঘ না বাঘিনি সেটা বড় কথা নয়, তবে পুরুলিয়া সংলগ্ন জঙ্গলে আবার বাঘ ঢুকেছে বলে আমরাও জানতে পেরেছি।বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজেশন করার চেষ্টা চলছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।"