দ্য ওয়াল ব্যুরো: প্যালেস্টাইনের জঙ্গিনেতা বাহা আবু আল-আতাকে খতম করার পর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ব্যাপক রকেট হামলা শুরু হয়েছে ইজরায়েলের উপর। রকেট হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। তবে কেউ নিহত হয়েছে কিনা, এখনও জানা যায়নি।
মঙ্গলবার গাজা উপত্যকায় ৪২ বছরের আবু আল-আতার বাসভবনে হামলা চালিয়ে তাকে সস্ত্রীক খতম করে ইজরায়েল। এই হামলা যখন চলছিল তখন প্রায় একই সময়ে সিরিয়ার দামাস্কাসে আরও একটি হামলা চালায় ইজরায়েলের আরও একটি বিমান বাহিনী।
ইজরায়েলের সেনাবাহিনী সূত্রের খবর, এর পরেই গাজা থেকে রকেট বৃষ্টি শুরু করে জেহাদিরা। সেই রকেটগুলোর আঘাতে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি রকেট রাস্তার উপরে পড়ে বিস্ফোরণ ঘটিয়েছে। ফলে যান চলাচল থেমে যায় বহু জায়গায়। রকেট হামলায় বেশ কয়েক জায়গায় আগুনও ধরে যায়। কিছু সময়ের মধ্যে যেন বিপর্যস্ত হয়ে ওঠে গোটা দেশ। তেল আবিব, আসকালোন ও সিদরোত-সহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে থেকে-থেকে সাইরেন বেজে ওঠে। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত ১৬০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইজরায়েলের একটি সংবাদমাধ্যম সূত্রের খবর, প্যালেস্তাইনের বিভিন্ন জঙ্গি সংগঠন জোট বেঁধেছে কম্যান্ডার আবু আল-আতা হত্যার বদলা নেওয়ার জন্য। এই অবস্থায় রীতিমতো আতঙ্কের পরিস্থিতি গোটা ইজরায়েল জুড়ে। সরকারি আশ্রয়কেন্দ্রগুলোয় বহু মানুষ ভিড় করেছেন। সেখানেও তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হন কয়েক জন।
প্রেসিডেন্ট নেতানইয়াহু অবশ্য জানিয়েছেন, ইজরায়েলের তরফে কোনও পাল্টা জবাব দেওয়া হবে না এখনই।