এই রায়কে জুনিয়র ডাক্তারদের একাংশ রাজ্যের 'একতরফা বদলির রাজনীতি''র বিরুদ্ধে বড় জয় হিসেবে দেখছেন।

অনিকেত মাহাত।
শেষ আপডেট: 6 November 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে (RG Kar,) ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেই অনিকেত মাহাতর (Aniket Mahata) বদলির মামলায় (Transfer case) ফের বড় ধাক্কা খেল রাজ্য। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দিল, অনিকেতকে রায়গঞ্জ নয়, আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে।
এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়েছিল, অনিকেত মাহাতকে রায়গঞ্জে বদলির সিদ্ধান্ত রাজ্যের গুরুতর ভুল। এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল।
#Rel
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “এটা খুবই লজিক্যাল বিষয় যে প্রার্থীর মেধার ভিত্তিতেই পোস্টিং হওয়া উচিত। রাজ্য যদি মেধার ভিত্তিতে নিয়োগে স্বচ্ছতা না রাখে, তবে সেটি আইনবিরুদ্ধ।”
আদালত আরও জানায়, উচ্চ মেধার প্রার্থীর ক্ষেত্রে তাঁর পছন্দের জায়গা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও সদিচ্ছা দেখানো রাজ্যের কর্তব্য। কিন্তু অনিকেতের ক্ষেত্রে রাজ্যের আচরণে সেই সদিচ্ছা দেখা যায়নি।
অনিকেতের বক্তব্য ছিল, সব প্রার্থীকে পোস্টিংয়ের ক্ষেত্রে তাদের পছন্দ জানতে চাওয়া হয়েছিল। তাঁকে-সহ মাত্র তিনজনকে সেই পছন্দের জায়গা দেওয়া হয়নি। বাকিদের দেওয়া হয়েছে নিজেদের পছন্দমতো কলেজ। তাই এই বৈষম্যের প্রতিবাদেই তিনি আদালতের দ্বারস্থ হন।
রাজ্যের তরফে আইনজীবী যুক্তি দেন, স্নাতকোত্তর পরীক্ষায় অনিকেতের র্যাঙ্ক ছিল ২৪। তাই তিনি কিভাবে দাবি করতে পারেন যে, তাঁকেই আরজি কর মেডিক্যাল কলেজে দিতে হবে?
কিন্তু সমস্ত সওয়াল শোনার পর আদালতের স্পষ্ট নির্দেশ, “অনিকেত মাহাতকে আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে।”
এই রায়কে জুনিয়র ডাক্তারদের একাংশ রাজ্যের 'একতরফা বদলির রাজনীতি''র বিরুদ্ধে বড় জয় হিসেবে দেখছেন। এক জুনিয়র ডাক্তার বলেন, “অনিকেতদার এই লড়াই আমাদের সকলের লড়াই। মেধা, ন্যায্যতা আর স্বচ্ছতার জয় এটা।” রাজ্য সরকারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।