তৃণমূল নেতা বলেন, "আসলে ওরা নিজেরাও জানে যে ডাহা মিথ্যে কথা বলছেন। তাই এখন সময় নষ্ট করার চেষ্টা করছে। তবে আমি এর শেষ দেখে ছাড়ব!"

গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 11 September 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের (RG Kar) নির্যাতিতার বাবার (Victim Father) বয়ানের বিরোধিতা করে ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে নির্যাতিতার বাবার আইনজীবী আদালতে হাজির হয়ে কিছুটা সময় চেয়ে নেন। তারপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল বলেন, "এভাবে প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে লুস টক করা! ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন, 'সিবিআই ঘুষ খেয়েছে, রাজ্য সরকার টাকা পাঠিয়েছে, কুণাল ঘোষ সেটেলড করেছে', আর কোর্টে দাঁড়িয়ে এদিন সেটা বলতে পারছে না, উল্টে বলছেন, 'কী বলেছিলাম, ভিডিওটা দিন, একবার দেখব'।"
তৃণমূল নেতা বলেন, "আসলে ওরা নিজেরাও জানে যে ডাহা মিথ্যে কথা বলছেন। তাই এখন লুজ টক করে সময় নষ্ট করার চেষ্টা করছে। তবে আমি এর শেষ দেখে ছাড়ব!"
তবে এ ব্যাপারে আরজি করের নির্যাতিতার বাবা বা তাঁর আইনজীবীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
মেয়ের ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে সিবিআই-এর (CBI) ভূমিকা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন বাবা-মা। নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছিলেন তাঁরা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আর সিবিআই (CBI) তদন্ত দাবি করেছিলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না।
সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসে আরও হতাশা প্রকাশ করেছিলেন তাঁরা। নির্যাতিতার বাবা বলেছিলেন, 'সিবিআই বোগাস'। এই ইস্যুতেই নির্যাতিতার বাবা নিশানায় পড়েছিলেন তৃণমূল নেতা।
অভিযোগ ছিল, রাজ্য সরকার টাকা দিয়েছে সিবিআই-কে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছেন! এই মন্তব্যের বিরোধিতা করেই তাঁকে প্রথমে আইনি নোটিস, পরে মানহানির মামলা করেন কুণাল।
এ ব্যাপারে কুণাল এও বলেন, নির্যাতিতার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে। কিন্তু এই ধরনের দাবি বা অভিযোগ করে কেউ পার পাবেন না।