
সাংবাদিক বৈঠকে আন্দোলনরতন জুনিয়র চিকিৎসকরা।
শেষ আপডেট: 18 September 2024 21:43
প্রিয়ঙ্কা পাত্র
ফের নবান্নের পথে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন , সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলি পূরণের দাবিতে এদিন সকালেই নবান্নে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি মেনে এরপরই আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। সন্ধে সাড়ে ৬টায় নবান্নে বৈঠকের জন্য তাঁদের আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। এদিন সন্ধেয় স্বাস্থ্য ভবনের সামনে ধর্না থেকে আন্দোলনরত ৩০ জন জুনিয়র চিকিৎসক নবান্নের বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশে রওনা হলেন।
তার আগে সাংবাদিক বৈঠক থেকে তাঁরা এও জানিয়ে দিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফেরার বিষয়ে তাঁরা এখনই কোনও আশ্বাস দিতে পারছেন না।
প্রসঙ্গত, অচলাবস্থা কাটাতে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ ম্যারাথন বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের পাঁচটি দাবির মধ্যে চারটি মেনে নেওয়ার কথাও জানিয়েছিলেন। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার-সহ দুই শীর্ষ স্বাস্থ্যকর্তাকে বদলিও করেছেন। তারপরে অনেকেই মনে করেছিলেন আন্দোলনকারীরা এবার কাজে ফিরবেন। তবে বাস্তবে তা হয়নি। উল্টে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ।
জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এখনও পর্যন্ত যে নিরাপত্তার কথা সরকার বলছে তা থিওরেটিকাল তথা তাত্ত্বিক। মেডিকেল কলেজে হুমকির সংস্কৃতি ও পরিবেশে লাগাম টানতে যে ধরনের সুনির্দিষ্ট ব্যবস্থা ও নজরদারি থাকা উচিত তা সরকারি প্রস্তাবে নেই। অনেক ধোঁয়াশা রয়েছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে চার ও পাঁচ নম্বর পয়েন্টের এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।
এ ব্যাপারে মঙ্গলবার মধ্যরাতের সাংবাদিক বৈঠক থেকে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন, রোগী ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-সহ একাধিক দাবি দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন তাঁরা। এ ব্যাপারেই ফের বৈঠক হতে চলেছে নবান্নে। এখন দেখার সমাধান সূত্র বের হয় কিনা।