
আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী।
শেষ আপডেট: 3 September 2024 22:11
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সিআইএসএফ। এবার সেই জওয়ানদের সঙ্গেই অসহযোগিতার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। এ ব্যাপারে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।
সূত্রের খবর, আদালতে কেন্দ্রের অভিযোগ, আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা উপযুক্ত বাসস্থান পাচ্ছেন না। এক্ষেত্রে রাজ্য সহযোগিতা তো দূরে থাক, সবদিক থেকে অসহযোগিতা করছে বলেও অভিযোগ।
আদালতে কেন্দ্রের আইনজীবীর আরও অভিযোগ, সুপ্রিমকোর্টের নির্দেশে রাজ্যে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নিযম অনুযায়ী, রাজ্যের উচিত সহযোগিতা করা। কিন্তু তা না করে আদতে শীর্ষ আদালতের নির্দেশই অমান্য করছে রাজ্য। এ ব্যাপারে অবশ্য রাজ্যের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
গত ৮ অগস্ট মধ্যরাতে আরজি করের চারতলার সেমিনার হলে ধর্ষণ ও খুন করা হয় ডাক্তারি ছাত্রীকে। দোষীদের কঠোর শাস্তি এবং নিরাপত্তা চেয়ে এরপরই আরজি করের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। ১৪ মার্চ গভীর রাতে একদল দুষ্কৃতী আন্দোলনকারীদের মঞ্চে হামলা চালায়। হাসপাতালের কয়েকটি বিভাগের পাশাপাশি ভেঙে দেওয়া হয় আন্দোলনকারীদের মঞ্চও।
অভিযোগ, চারতলার সেমিনার হলের তথ্য লোপাটের জন্যই গভীর রাতে ওই হামলা চালানো হয়েছিল। তবে দুষ্কৃতীরা থার্ড ফ্লোর এর সঙ্গে তিনতলাকে গুলিয়ে ফেলে সেখানে হামলা চালিয়ে ফিরে আসে। অভিযোগ, হামলাকারীদের দেখে সে সময় পুলিশ হাসপাতালের মধ্যে ঢুকে পড়েছিল।
ওই ঘটনার পরই বিভিন্ন মহল থেকে আরজি করে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের দাবি জানানো হচ্ছিল। ২০ অগস্ট ওই মামলার শুনানিতে কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। এরপরই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।
এই মুহূর্তে আরজি করে রয়েছে ৯২ জন সিআইএসএফ জওয়ান। এদের মধ্যে ৫৪ জন মহিলা জওয়ান। কেন্দ্রের অভিযোগ, তাঁদের বাসস্থানের বিষয়ে রাজ্য কোনও সহযোগিতা করছে না।