শুক্রবার সকালে এমন দৃশ্য দেখে চোখে জল ক্যানিংয়ের দিঘিরপাড় পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামের বাসিন্দাদের।

শেষ আপডেট: 2 January 2026 17:09
সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : মৃত এক অন্তঃসত্ত্বা হনুমানের শেষকৃত্য করতে শ্মশানে নিয়ে গেলেন গ্রামবাসীরা। শোকে বিহ্বল সঙ্গী তাকে ছাড়তে নারাজ। শুক্রবার সকালে এমন দৃশ্য দেখে চোখে জল ক্যানিংয়ের দিঘিরপাড় পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামের বাসিন্দাদের।
স্থানীয়রা জানান, প্রায় তিন-চার মাস আগে দুটি হনুমান কোড়াকাঠি গ্রামে হাজির হয়। প্রথমে ভয় পেলেও হনুমান দুটির আচরণে সেই ভয় দূর হয়। স্বভাবে শান্ত হনুমান দুটি এ পর্যন্ত কাউকে আক্রমণ করেনি। যে যেমন পারেন খাবার দিচ্ছিলেন হনুমান দুটিকে। যত্নও করতেন তাঁরা।
শুক্রবার সকালে এলাকার একটি গাছে স্ত্রী হনুমানটিকে অচৈতন্য অবস্থায় ঝুলে থাকতে দেখেন এলাকার মানুষ। সঙ্গে সঙ্গে হনুমানটিকে গাছ থেকে নামিয়ে আনেন তাঁরা। পরে দেখা যায় হনুমানটি মারা গিয়েছে। গ্রামবাসীদের ধারণা, অতিরিক্ত ঠান্ডায় পূর্ণবয়ষ্ক অন্তঃসত্ত্বা স্ত্রী হনুমানের মৃত্যু হয়েছে। স্থানীয় যুবক বাবুল নস্কর মৃত হনুমানটির শেষকৃত্য করার উদ্যোগ নেন। যোগ দেন অন্য বাসিন্দারা। রীতিমতো হিন্দু রীতি মেনে গ্রামবাসীরা মৃত হনুমানের পায়ে আলতা ও মাথায় সিঁদুর পরিয়ে দেয়। গলায় পরিয়ে দেন ফুলের মালা।
এরপরেই বাঁধে বিপত্তি। সঙ্গিনীকে শ্মশানে নিয়ে যেতে দেখে পুরুষ হনুমানটি বারবার বাধার সৃষ্টি করে। গ্রামবাসীরা কোনও রকমে শ্মশানের পথে রওনা হলে পিছু নেয় সেও। অপলক দৃষ্টিতে খোলা আকাশের দিকে চাতকের মতো তাকিয়ে থাকে। এমন দৃশ্য দেখে শোকে কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা।