
শিয়ালদহ ব্রিজ
শেষ আপডেট: 25 June 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ সেতুকে নির্ভর করে চলছে 'কলের কলকাতা'। শহরের গুরুত্বপূর্ণ সেতুগুলোর মধ্যে অন্যতম শিয়ালদহ উড়ালপুল, যার পোশাকি নাম 'বিদ্যাপতি সেতু'। সারাদিন শয়ে শয়ে বাস,গাড়ি, মানুষের যাতায়াত এই সেতুর উপর দিয়ে। শহরের ব্যস্ততম এই সেতুর বয়স ৫০ ছুঁই ছুঁই, তাই স্বাস্থ্য খারাপ, ধুঁকছে বললেও বেশি বলা হবে না। কেএমডিএ-র শীর্ষ কর্তাদের মতে, শিয়ালদহ উড়ালপুলের সংস্কারের কাজ আরও আগে শুরু করা উচিত ছিল। কিন্তু ব্রিজের নীচের প্রায় ৯০০ দোকান প্রশাসনের পথের কাঁটা।
সেতুর সংস্কারের কাজ শুরু হতে চলেছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। তবে সংস্কারের জন্য যান চলাচল বন্ধ করা হবে না বলেই জানিয়েছে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। সংস্কারের কাজ হবে মূলত ব্রিজের নীচের অংশে। কিন্তু শিয়ালদহ সেতুর নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দোকানগুলিই সংস্কারের পথে বাধা। দোকানগুলিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করতে হবে। কোথায় ওই দোকানদারদের সরানো যাবে, সে বিষয়টি নিশ্চিত করতেই আজ, মঙ্গলবার ওই এলাকায় গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ও কেএমডিএ-র আধিকারিকরা। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন পুরসভার কর্মী ও বাজার কমিটির সদস্যরাও।
সব মিলিয়ে শিয়ালদহ সেতুতে ৭২টি পিলার রয়েছে। ওই পিলারগুলিকে মজবুত করতে 'জ্যাকেট' পরানো হবে। লোহার রডের খাঁচা দিয়ে পিলারের চারপাশ ঢেকে দেওয়া হবে। তারপর কংক্রিটের ঢালাই দেওয়া হবে। এ ছাড়া সেতুর যে সব অংশে ফাটল রয়েছে, সেখানে কার্বনের আস্তরণ দেওয়া হবে। এতে ভাঙা অংশগুলিতে নতুন করে ক্ষতি আটকানো যাবে। সরকারি সূত্রের খবর, শিয়ালদহ সেতু সংস্কারের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকায় দু'ধাপে সংস্কারের কাজ হবে। সংস্কারের কাজ শেষ হলে সেতুর ভারবহনের ক্ষমতা বেড়ে হবে ৮৫ টন।
প্রথম দু'ধাপে সেতুর নীচের অংশ সংস্কারের কাজ শেষ হওয়ার পর উপরের রাস্তার পিচের আস্তরণ তুলে ফেলা হবে। নতুন করে তৈরি করা হবে রাস্তা। সংস্থার এক কর্তা বলেন, 'সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই সেতুর যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। দোকানগুলো সরিয়ে কাজ শেষ করে তাদেরকে আবার জায়গা ফিরিয়ে দেওয়া হবে। কাজটা কীভাবে হবে সেই পরিকল্পনা করতেই আজকের এই পরিদর্শন কর্মসূচি।' স্থানীয় পৌরপ্রতিনিধি মোনালিসা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাজার কমিটির সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত।'