সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া এখনও নিষিদ্ধ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 5 November 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চলল, এখনও শীতের (winter) দেখা নেই! কবে থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে এ নিয়ে আবহাওয়া দফতরের (Weather Update) তরফেও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে মন্দের মধ্যে ভাল খবর, দক্ষিণবঙ্গের আকাশ থেকে আপাত নিম্নচাপ সরছে।
আলিপুর জানিয়েছে, নিম্নচাপ দক্ষিণবঙ্গের দিকে এগিয়েছিল, তবে দুর্বল হয়ে এখন এটি কেবল একটি ঘূর্ণাবর্ত। ফলে দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ সরে গেছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া এখনও নিষিদ্ধ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে, তবে চলতি সপ্তাহে আর কোনো উল্লেখযোগ্য বৃষ্টি হবে না। আগামী পাঁচ দিনে দুই বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় ধরনের ওঠাপড়া নেই, তবে পারদের হালকা ওঠানামা আছে।
উত্তরবঙ্গের দার্জিলিং অঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট। রাতের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামতে পারে। সমতল ও তরাই ডুয়ার্সে ভোরে হালকা শীতের ছোঁয়া থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বিগত ৩০ বছরের তুলনায় চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনের রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে।
স্থলভাগে ঘূর্ণাবর্তের তেমন কোনো প্রভাব না থাকলেও, সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগামিকাল ভোর পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উপকূলীয় এলাকার মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।