শীতের বাতাস নামার আগেই তাই স্পষ্ট— পাহাড় ডাকছে, ট্রেন ভরছে, পর্যটনের মরসুম এবার জমজমাট!

ফাইল ছবি।
শেষ আপডেট: 22 October 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: শীত এখনও নামেনি, কিন্তু উত্তরবঙ্গগামী ট্রেনে (Train) ঠাঁই নেই! ডিসেম্বরের শেষ সপ্তাহের টিকিট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ‘রিগ্রেট’ (Regret)। ২০ ডিসেম্বরের টিকিট মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল আটটায় বুকিং শুরু হতেই দেখা গেল, কলকাতা থেকে উত্তরবঙ্গের প্রায় সব ট্রেনে (Kolkata to North Bengal) লম্বা ওয়েটিং লিস্ট। দুপুর গড়াতেই পদাতিক, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস— একের পর এক ট্রেনে এসি থ্রি টিয়ারে ‘রিগ্রেট’।
১৯ ডিসেম্বরের ছবিটাও আলাদা নয়। মঙ্গলবার সন্ধ্যায় আইআরসিটিসি’র (IRCTC) ওয়েবসাইটে দেখা গেল, ওই দিনের দার্জিলিং মেলে এসি থ্রি টিয়ারে ওয়েটিং ৬২, স্লিপারে ৪৭। পদাতিক এক্সপ্রেসে দুই শ্রেণিতেই ‘রিগ্রেট’। উত্তরবঙ্গ এক্সপ্রেসেও একই ছবি— এসি থ্রি টিয়ারে কোনও সিট ফাঁকা নেই, স্লিপারে ওয়েটিং ২১।
পর্যটন মহলের মতে, এই টিকিটের ছবিই বলে দিচ্ছে— আসন্ন শীতের মরশুমে পাহাড়-ডুয়ার্সে (Hill, Dooars ) পর্যটনে লক্ষ্মীলাভ নিশ্চিত। ট্রেনের টিকিট কাটতেই হোটেল, হোম স্টে মালিকদের ফোনে ব্যস্ততা বেড়েছে। কেউ পছন্দমতো গাড়ি চাইছেন, কেউ ট্রিপ প্ল্যান চাচ্ছেন। কালীপুজো শেষ হতেই শীতের বুকিং শুরু হয়ে যাওয়ায় খুশি ট্যুর অপারেটররা।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “পুজোর সময় প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড়-ডুয়ার্সে পর্যটন একটু ধাক্কা খেয়েছিল। কিন্তু এখন বুকিং ঝড়ের বেগে চলছে। ডিসেম্বর-জানুয়ারিতে আবার জোয়ার আসবে।”
পর্যটন ব্যবসায়ীদের মতে, বছরশেষের ছুটিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাশাপাশি ডুয়ার্সেও ভিড় হবে চোখে পড়ার মতো। আরও বড় খুশির খবর— এবার বিদেশ থেকেও বুকিং এসেছে। ইংল্যান্ড, আমেরিকা সহ কয়েকটি দেশের পর্যটক দল ইতিমধ্যেই সফরসূচি ঠিক করে ফেলেছেন।
ডুয়ার্সে উৎসবের আমেজও জমে উঠছে। ২৫ ডিসেম্বর লাটাগুড়িতে শুরু হবে ‘এশিয়ান ফোক ফেস্টিভ্যাল’, যেখানে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা-সহ বিভিন্ন দেশের শিল্পীরা যোগ দেবেন। পাহাড়ে ডিসেম্বরেই থাকছে মেলো-টি ফেস্টিভ্যাল, ঘুম ফেস্টিভ্যাল, আর জানুয়ারিতে আসছে বেঙ্গল হিমালয়ান ফেস্টিভ্যাল।
অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসুর কথায়, “এই বুকিং ট্রেন্ডই বলছে— শীতে পাহাড়-ডুয়ার্সে আবারও রঙিন হবে পর্যটন মানচিত্র। হোটেল, ট্রেন, গাড়ি— সবেতেই ‘সোল্ড আউট’-এর ছবি।”
শীতের বাতাস নামার আগেই তাই স্পষ্ট— পাহাড় ডাকছে, ট্রেন ভরছে, পর্যটনের মরসুম এবার জমজমাট!