"এটাই ভারতের আসল সৌন্দর্য—যেখানে প্রযুক্তি থামে প্রকৃতির জন্য।"

প্রতীকী ছবি (এআই)।
শেষ আপডেট: 22 October 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: এক মুহূর্তে ইঞ্জিন থেমে গেল। না, প্রযুক্তিগত ত্রুটি নয়—রেললাইনের (Indian Railway) উপর নেমে এসেছিল প্রকৃতির এক অপার সৌন্দর্য।
রেলপথে ট্রেনের সামনে হেলেদুলে হাঁটছিল একটি ময়ূর (Peacock)। আর তাকে পথ দেওয়ার জন্য মাঝপথেই ট্রেন থামিয়ে দিলেন চালক (Train stopped)। ময়ূরটি নির্বিঘ্নে হেঁটে রেলপথ থেকে সরার পর ধীরে ধীরে ইঞ্জিনে গতি আনলেন তিনি।
মুম্বইয়ের কর্জত থেকে খোপোলি যাওয়ার পথে এই হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেল লাইন ধরে ধীর গতিতে এগোচ্ছে ময়ূর, আর তাকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে আছে আস্ত একটা ট্রেন! ইনস্টাগ্রামের ‘কর্জত_আপডেটনিউজ’ অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো, যা দেখে মুগ্ধ নেটপাড়া।
এই ঘটনায় মুগ্ধ নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চালককে। কেউ লিখেছেন, "মানবিকতার স্পর্শ প্রকৃতিকে ছুঁয়ে গেল," কেউ বলছেন, "এটাই ভারতের আসল সৌন্দর্য—যেখানে প্রযুক্তি থামে প্রকৃতির জন্য।"
নেটিজেনদের মতে. প্রকৃতির প্রতি এমন সংবেদনশীলতা আজকের দিনে বিরল। আর এক ময়ূরের জন্য থেমে যাওয়া এক চলন্ত ট্রেন—স্মরণীয় হয়ে থাকবে এই ছবি।