সূত্রের খবর, রাজভবনের অনুমোদন মিললেই ফের আদালতে চার্জশিট পেশ করতে পারে ইডি।

ফাইল ছবি।
শেষ আপডেট: 12 August 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ফের ধাক্কা খেল ইডি (ED)। রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী (Minister) চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিলেও, তা মঙ্গলবার গৃহীত হল না আদালতে। ইডি জানিয়েছে, চার্জশিট পেশ করার অনুমোদন এখনও রাজভবন (Raj Bhavan ) থেকে মেলেনি। ফলে চার্জশিট (Chargesheet) জমা পড়লেও তা কার্যত অকার্যকরই রইল।
এ দিন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ছিল। কিন্তু চার্জশিট আদালতের তরফে স্বীকৃতি না পাওয়ায়, শুনানি সম্ভব হল না। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০ অগস্ট।
গত বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ইডির দাবি, মন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় নথিপত্র এখনও রাজভবন থেকে মেলেনি। তার ফলে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়াও আটকে গেল।
প্রসঙ্গত, এর আগেও দু’দফায় ইডির তলব এড়িয়েছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। শেষমেশ গত বৃহস্পতিবার তিনি হাজিরা দেন ইডি দফতরে। যদিও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ইডি সূত্রে খবর, বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উঠে আসে মন্ত্রী চন্দ্রনাথের নাম। ২৫ জুলাই প্রথম তলব, তারপর ২৮ জুলাই ফের নোটিস, কিন্তু দুইবারই গরহাজির ছিলেন তিনি।
৩১ জুলাই তাঁকে ফের তলব করা হয় এবং তাঁর সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির নথি চাওয়া হয়। যদিও সে দিনও তিনি যাননি, সময় চেয়ে নিয়েছিলেন। তবে জানান, তিনি সমস্ত নথিপত্র প্রস্তুত করছেন। তার পরেই গত বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেন।
তদন্তকারীদের দাবি, এর আগে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল ৪১ লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন। সেই ফোন খোলার প্রয়োজনেই মন্ত্রীকে ডাকা হয়েছিল।
চার্জশিটে এই সমস্ত তথ্য উল্লেখ থাকলেও, অনুমতির অভাবে তা এখনও আদালতের স্বীকৃতি পেল না। ফলে মামলার গতি আপাতত থমকে গেল। সূত্রের খবর, রাজভবনের অনুমোদন মিললেই ফের আদালতে চার্জশিট পেশ করতে পারে ইডি।