অয়ন শীল মূলত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তদন্তকারীরা দাবি করেছে, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 12 September 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Corruption) অন্যতম অভিযুক্ত অয়ন শীল (Ayan Shil) সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিনের আবেদন করলেও শেষ পর্যন্ত সেই আবেদন প্রত্যাহার করে নিলেন।
আদালত সূত্রে খবর, বিচারপতি নরসিমার বেঞ্চ আবেদন খারিজ করতে চলেছেন জানতে পেরেই তড়িঘড়ি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা আদালতে জানান অয়নের আইনজীবী। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে হুগলির এই ব্যবসায়ী-প্রোমোটারকে।
গত বছরের মার্চে অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। চলতি বছরের মার্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে পুর নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন দেন। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মেলে, সঙ্গে দেওয়া হয়েছিল একাধিক শর্তও। কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলাতেও তিনি অভিযুক্ত থাকায় জেলমুক্তি ঘটেনি তাঁর।
অয়ন শীল মূলত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তদন্তকারীরা দাবি করেছে, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন। শুধু তাই নয়, তাঁর বাড়ি, ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করে বিপুল পরিমাণ নথি, হার্ড ডিস্ক এবং ওএমআর শিটের জেরক্স কপি। জেরায় অয়ন নিজেও স্বীকার করেছিলেন, প্রার্থী প্রতি মোটা অঙ্ক কমিশন নিয়ে প্রায় ৪০ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তিনি।
শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, কুন্তল ঘোষ– দুর্নীতির একাধিক মামলায় অয়ন শীলের যোগসূত্র খুঁজে পেয়েছিল ইডি। এঁদের অনেকেই এখন জামিনে মুক্ত হলেও অয়নের মুক্তি এখনও অধরা। পার্থ চট্টোপাধ্যায়ের মতোই তাঁকেও এখনও জেলেই কাটাতে হচ্ছে।