স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে নাবালক ও নাবালিকা মিলিয়ে মোট ৪১ জন।
.jpeg.webp)
ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 15 August 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: ইঁদুর-জ্বর বা লেপ্টোস্পাইরা (Rat Fever Outbreak)। যা থেকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে (Rajganj) ছড়াচ্ছে নতুন আতঙ্ক। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়ে পৌঁছল ১৪৪-এ। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৩।
বৃহস্পতিবার রাতেই সরকারি রিপোর্টে সামনে আসে নতুন ৭১ জন আক্রান্তের খবর (Leptospirosis)। চিকিৎসক থেকে শুরু করে প্রশাসন—সবারই কপালে ভাঁজ ফেলেছে এই হঠাৎ সংক্রমণ বৃদ্ধি।
বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পাওয়া রিপোর্ট জানাচ্ছে, রাজগঞ্জ ব্লকের চেকর মারি সহ মোট আটটি গ্রাম থেকে বুধবার সংগৃহীত ৯১টি রক্তের নমুনার মধ্যে ৭১টি লেপ্টোস্পাইরা পজিটিভ। পাশাপাশি আরও একজন স্ক্রাব টাইফাসে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে। গত দু’দিনে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে নাবালক ও নাবালিকা মিলিয়ে মোট ৪১ জন।
স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞদের অনুমান, রাজগঞ্জের একটি পোলট্রি ফার্ম থেকেই এই সংক্রমণ ছড়াচ্ছে। ওই ফার্মেই প্রচুর মুরগির বিষ্ঠা জমে থাকায় ইঁদুর-ছুতোরের আনাগোনা বেড়েছে। সেখান থেকেই মানুষের মধ্যে ছড়াচ্ছে লেপ্টোস্পাইরা ও স্ক্রাব টাইফাসের জীবাণু।
বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে দীর্ঘ বৈঠকের পর ওই ফার্ম বন্ধের নির্দেশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে কার্যকর হবে এই নির্দেশ। তবে ফার্ম কর্তৃপক্ষের দাবি, তাদের ইউনিট থেকে রোগ ছড়ায়নি।
গ্রামগুলিতে ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে সচেতনতা প্রচার শুরু করেছেন। জ্বর, পেটের সমস্যা, গা-ব্যথা, চোখ লাল হওয়া—এই ধরনের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ইঁদুর নিধনে বিশেষ অভিযান এবং পোলট্রি এলাকায় স্যানিটাইজেশনের কাজও শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, লেপ্টোস্পাইরা একটি ব্যাকটেরিয়াল রোগ, যা ইঁদুর বা অন্যান্য প্রাণীর মূত্র থেকে ছড়ায়। বন্যা বা জলাবদ্ধ এলাকায় সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। সঠিক সময়ে চিকিৎসা না হলে কিডনির ক্ষতি, লিভারের সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
রাজগঞ্জের এই হঠাৎ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী কয়েকদিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।