কীভাবে ওই যুবক রাতের অন্ধকারে সকলের চোখ এড়িয়ে সুড়ঙ্গে ঢুকলেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। পুলিশের ধারণা, এর নেপথ্যে অন্য কোনও কারণও থাকতে পারে। মেট্রো স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 15 August 2025 21:25
দ্য ওয়াল ব্যুরো: রাত গভীরে মেট্রোরেলের সুড়ঙ্গের ভেতর মিলল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। বৃহস্পতিবার রাত সওয়া ২টো নাগাদ ধর্মতলা এবং পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের মাঝের আপ লাইনের সুড়ঙ্গে (Dharmatala-Park Street Metro tunnel) দেহটি দেখতে পান কর্তব্যরত আরপিএফ কর্মী।
সঙ্গে সঙ্গেই খবর যায় লালবাজারে। ঘটনাস্থলে পৌঁছে নিউ মার্কেট থানার পুলিশ দেহ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ডান হাতের কব্জিতে পোড়ার চিহ্ন রয়েছে। কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য দেহটি শুক্রবার ময়নাতদন্ত পাঠানো হয়েছে।
কীভাবে ওই যুবক রাতের অন্ধকারে সকলের চোখ এড়িয়ে সুড়ঙ্গে ঢুকলেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। পুলিশের ধারণা, এর নেপথ্যে অন্য কোনও কারণও থাকতে পারে। মেট্রো স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মেট্রো যাত্রীদের মধ্যেও ছড়িয়েছে চাঞ্চল্য।