দ্য ওয়াল ব্যুরোঃ এসএসকেএমে ভর্তি রোগী। তাঁর জন্য চাই বিরল গ্রুপের রক্ত। বম্বে ও নেগেটিভ রক্ত সারা কলকাতা ঘুরেও কোথাও পাওয়া যায়নি। শেষমেশ ভিন রাজ্য থেকে সেই রক্ত জোগাড় করে আনা হল এসএসকেএম হাসপাতালে।
জানা গেছে, ওই রোগীর নাম মনসুরা বিবি। তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। গত ২৫ দিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে ভর্তি রয়েছেন। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু তার জন্য চাউ রক্ত। ব্লাড গ্রুপ ম্যাচ করে রক্ত জোগাড় করা যাচ্ছিল না কিছুতেই। কার্যত চষে ফেলা হয়েছিল সারা কলকাতা। শেষ পর্যন্ত এক স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাঁদের তৎপরতায় কেরল থেকে আনা হয়েছে বিরল বম্বে ও নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত।
স্বেচ্ছাসেবী সংগঠনটির নাম উদয়ের পথে। তারা অনেক খোঁজাখুঁজির পর কেরলের কোচির বন্দনাম মেডিক্যাল কলেজে এই রক্তের সন্ধান পায়। এক ইউনিট রক্ত আনা হয় এসএসকেএমে। বুধবার সকালে দীর্ঘপথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছে সেই রক্ত। এবার অস্ত্রোপচারে আর কোনও বাধা নেই। খুব শিগগিরই ওই রোগী সুস্থ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে।
কেন এমন নাম দেওয়া হয়েছে এই বিরল রক্তের গ্রুপের? জানা গেছে, ১৯৫২ সালে মুম্বইয়ে প্রথম এই বিরল ব্লাড গ্রুপের রক্তের হদিশ মিলেছিল। তার পর থেকেই এই রক্তের নামকরণ করা হয় বম্বে ও নেগেটিভ।