
রানিগঞ্জ ফ্লাইওভারে দুর্ঘটনা-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 14 May 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নীচে ছিটকে পড়ল ছাই বোঝাই লরি। এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রানিগঞ্জের বক্তারনগর ফ্লাইওভার এলাকায়। লরির নীচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চক্রমবাটি রোডের উপরে ফ্লাইওভার দিয়ে একটি লরি অন্ডাল থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। তখনই একটি বিকট শব্দ করে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়ালে ধাক্কা মারে। গতি বেশি থাকায় গার্ডওয়াল ভেঙে লরিটি নীচে পড়ে যায়।
দুর্ঘটনার ভয়াবহতায় হতচকিত হয়ে যান পথচারীরা। ডাকা হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চলার সময়ে বোঝা যায় লরিটির নীচে একজন চাপা পড়ে রয়েছেন। পরে ওই দেহ উদ্ধার করে মিশন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। লরিটির নীচে চাপা পড়া দেহ কার তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের উড়ালপুল থেকে নীচের সার্ভিস রোডে পড়েছে ছাই বোঝাই লরিটি। অন্ডালের দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কারখানা থেকে ছাই বোঝাই করে লরিটি যাচ্ছিল রানিগঞ্জের দিকে। অন্ডালের কাজোড়ার জাতীয় সড়কের উড়ালপুলের উপরে উঠত গিয়ে লরিটির চাকা ফেটে যায়।