ছাত্রীর খুনের ঘটনায় উত্তপ্ত রামপুরহাট। স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভে সামিল অভিভাবকরা। পুলিশের সামনেই দেখা দিল তীব্র উত্তেজনা।

রামপুরহাটের ওই স্কুল (ফাইল ছবি)
শেষ আপডেট: 18 September 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। বৃহস্পতিবার নতুন করে উত্তপ্ত হল স্কুল চত্বর। এদিন ছাত্রীর অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুলে। শুধু তাই নয়, প্রধান শিক্ষক স্কুলে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে মারধরের অভিযোগ উঠেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে প্রধান শিক্ষককে সেখান থেকে তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার যে বিক্ষোভ হতে পারে তার খবর আগেই ছিল পুলিশের কাছে। সেই মতো সকাল থেকেই স্কুলের সামনে মোতায়েন ছিলেন আধিকারিকরা। অন্যদিকে, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও ধীরে ধীরে জড়ো হতে থাকেন। প্রধান শিক্ষক স্কুলে ঢুকতেই ক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন। অভিযোগ ওঠে, সেই সময় মারধরও করা হয়।
পরে পুলিশ তাঁকে আটকানোর চেষ্টা করলে ক্ষিপ্ত জনতা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আরও পুলিশ। রাস্তা অবরোধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে আড়াল করার চেষ্টা করেছেন প্রধান শিক্ষক। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, 'কীভাবে সন্তানদের স্কুলে পাঠাব? শিক্ষকই যদি এমন হয় তাহলে ভরসা করব কার উপর? এর আগেও ছাত্ররা ওই মাস্টারের বিরুদ্ধে অভিযোগ করেছিল। কিন্তু কিছুই করা হয়নি।'
উল্লেখ্য, গত ২৮ অগস্ট সপ্তম শ্রেণির ওই ছাত্রী টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। পরে জানা যায়, স্কুলেরই ভৌত বিজ্ঞান শিক্ষক তাকে অপহরণ করে নৃশংসভাবে খুন করেছে। রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছাত্রীর দেহ পাওয়া যায়।