
শেষ আপডেট: 20 August 2023 12:06
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর (rajiv gandhi) ৭৯তম জন্মদিনে তাঁকে স্মরণ করল কংগ্রেস। সকালে দিল্লিতে রাজীবের সমাধি বীরভূমিতে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রাক্তন সভাপতি তথা রাজীব পত্নী সনিয়া গান্ধী ও মেয়ে প্রিয়ঙ্কা। লে’তে রাজীবের জন্মদিন পালন করেছেন পুত্র তথা আর এক প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সকালে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানে বিজেপির প্রবীণ নেতা সুব্রহ্মণ্যম স্বামী উপস্থিত ছিলেন, রাজীবের সঙ্গে যাঁর দীর্ঘ রাজনৈতিক বিরোধের ইতিহাস রয়েছে। সনিয়া গান্ধীর বিরুদ্ধে বিরুদ্ধে বিদেশিনী ইস্যুতে মামলা-মোকদ্দমাও করেন স্বামী। এই বিজেপি নেতার করা মামলাতেই ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত বছর সনিয়া ও রাহুলকে জিজ্ঞাসাবাদ করেছে। সেন্ট্রাল হলের অনুষ্ঠানের গ্রুপ ছবিতে দেখা গিয়েছে সনিয়ার অদূরেই দাঁড়িয়ে এই প্রবীণ বিজেপি নেতা।
খাড়্গে রবিবার প্রয়াত নেতা তথা প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইটে বলেন, রাজীব গান্ধীর দূরদর্শিতা তাঁকে বিশ্বনেতা করে তুলেছিল। তিনিই প্রথম একবিংশ ভারতের স্বপ্ন দেখেছিলেন। জিডিটাল ইন্ডিয়ার জনকও তিনি।
খাড়্গে কোনও রাজনৈতিক বিবাদে যাননি। তবে বিজেপি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ডিজিটাল ইন্ডিয়ার জনক দাবি করে থাকে। মোদী সরকার ২০১৫-তে ডিজিটাল ইন্ডিয়া নামে একটি সরকারি প্রকল্পও চালু করে।
প্রসঙ্গত, দেশের সবচেয়ে কম বয়সি (৪০) প্রধানমন্ত্রী রাজীব দায়িত্ব নেওয়ার পর পানীয় জল, টেলিযোগাযোগ, সড়ক যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্রুত অগ্রগতির লক্ষে টেকনোলজি মিশন তৈরি করেছিলেন। তাঁর সময়েই দেশে টেলিফানের এসটিডি (সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং) এবং আইএসডি (ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক ডায়ালিং) চালু হয়। চালু হয় টেলিফোনের পাবলিক কল অফিস (পিসিও)।
'ভারতের জমি দখল করছে চিন, প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন!' লাদাখ থেকে তোপ রাহুলের