সুকান্তর উদ্দেশে কুণাল বলেন, "উনি তো গুলি করার ভয় দেখাচ্ছেন, শীতলকুচিতেও তো তাই হয়েছিল। তবে ওনার দেখানো ভয়ে বাংলার মানুষ ভীত হবেন না, তাঁরা জানেন বিজেপির ষড়যন্ত্র কীভাবে রুখে দিতে হয়।"

রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার।
শেষ আপডেট: 16 October 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে নভেম্বরের শুরু থেকেই SIR তথা ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। ইতিমধ্যে এই সংক্রান্ত প্রক্রিয়াও শুরু করেছে কমিশন। আর সেই সূত্রে বাংলার রাজনীতিতে পারদ চড়ছিলই। এবার তাতে বাড়তি উত্তেজনা তৈরি করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।
এদিন মেখলিগঞ্জে দলের এক সভা থেকে রাজীবের হুঁশিয়ারি, বাংলায় এসআইআর হলে রক্ত গঙ্গা বইবে। রাজীবের কথায়, পিছনের দরজা দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি। তাই কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।
বস্তত, ২-৩ মাসের মধ্যে এসআইআর সম্ভব নয় বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এসআইআর ইস্যুতে কমিশনের ওপর চাপ তৈরি করতে এ ব্যাপারে প্রতিদিনই শাসকদলের নেতারা কোনও না কোনও মন্তব্য করছেন। তবে রাজীবের এদিনের 'রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার' হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকেও। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, বাংলায় এসআইআর হবেই। আর এসআইআরকে ঘিরে তৃণমূল গোলমাল পাকাতে চাইছে বলে তিনি অভিযোগ করে সাধারণ মানুষের উদ্দেশে বলেছেন, "তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, যদি কোনও হিংসার পরিস্থিতি তৈরি হয় তার মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালাতে পারে, সেক্ষেত্রে তৃণমূলের নেতাদের গায়ে গুলি লাগবে না, ওরা কিন্তু গোলমালের সময় ঘরেই থাকে, আপনাদের গায়ে গুলি লাগবে। তাই হিংসার মধ্যে জড়াবেন না।"
সুকান্তের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলার ভোটে পরাজয় নিশ্চিত বুঝে বিজেপি এবার গুলি-পলিটিক্স করতে চাইছে। সুকান্তর উদ্দেশে কুণাল বলেন, "উনি তো গুলি করার ভয় দেখাচ্ছেন, শীতলকুচিতেও তো তাই হয়েছিল। তবে ওনার দেখানো ভয়ে বাংলার মানুষ ভীত হবেন না, তাঁরা জানেন বিজেপির ষড়যন্ত্র কীভাবে রুখে দিতে হয়।"