সদ্যোজাত মানব সন্তান থেকে দূর থেকে আগত চিড়িয়াখানার বিদেশি অতিথিদের নামকরণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন পরিচয় পেয়েছে অনেকে।

বিধায়ককন্যার নাম রাখলেন মমতা
শেষ আপডেট: 16 June 2025 16:13
দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাত মানব সন্তান থেকে দূর থেকে আগত চিড়িয়াখানার বিদেশি অতিথিদের নামকরণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন পরিচয় পেয়েছে অনেকে।
চিরাচরিত নাম থেকে দূরে 'দিদির' দেওয়া সুন্দর, মিষ্টি অর্থসম্বলিত নাম সমাদৃতও হয়েছে। সেই দিদির কাছেই কন্যাসন্তানের নামকরণ করতে চলে আসেন রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধারা। মমতাও অনুরোধ রাখেন। বিধায়ককন্যার নাম রাখলে ঐশী। যার অর্থ ঐশ্বরিক।
সাড়ে চার মাসের মেয়েকে সঙ্গে নিয়ে এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে অপেক্ষা করছিলেন রায়নার বিধায়ক। মুখ্যমন্ত্রী বেরিয়ে শম্পাদেবীর সঙ্গে কথা বলে জানতে পারেন, তাঁর উপরই দায়িত্ব পড়েছে মেয়ের নাম রাখার।
সেই মতোই ছোট্টমেয়েটিকে আদর করে, আশীর্বাদ করে নতুন পরিচয় দিলেন মমতা। মেয়ের নাম শুনে খুশি রায়নার বিধায়কও।
মুখে চওড়া হাসি নিয়ে শম্পাদেবী বলেন, "দুটো নাম বলেছিলেন দিদি। কিন্তু ঐশী নামটাই আমার পছন্দ হয়েছে। সেই মতো আজ থেকে ওর পরিচয় হবে এই নামেই। মেয়ের অন্নপ্রাশনে আসার কথাও দিদিকে বলেছি। উনি মেয়েকে আদর করে আশীর্বাদ করেছেন। আমি খুব খুশি।"