উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ (Depression)। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যেই (২৫ সেপ্টেম্বর, দুপুর থেকে) ওই এলাকায় নিম্নচাপ তৈরি হয়ে যাবে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 25 September 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে (Rain Forecast)। বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হল দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। শেষমেশ পূর্বাভাসই (Weather Forecast) মিলে গেল। এদিকে আজ রাতেই আরও একটি নতুন নিম্নচাপ (Low Pressure) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সকাল থেকে রোদেলা আকাশ দেখা গেলেও দুপুরের পর থেকেই জেলায় জেলায় আকাশ মেঘলা হতে শুরু করে। বিকেল ৫টার পরই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। কয়েকঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস মিলেছে।
কলকাতাতেও এদিন আংশিক মেঘলা আকাশ দেখা গেছে। বৃহস্পতিবার রাতের দিকেই বর্ষণের সম্ভাবনা রয়েছে।
উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ (Depression)। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যেই (২৫ সেপ্টেম্বর, দুপুর থেকে) ওই এলাকায় নিম্নচাপ তৈরি হয়ে যাবে। পরে তা ধীরে ধীরে পশ্চিমমুখী হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৬ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি ঘনীভূত হবে। দফতরের আশঙ্কা, ২৭ সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে।
আগামী কয়েকদিন দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
এই ক'দিন সমুদ্র খুবই উত্তাল থাকবে। তাই পশ্চিমবঙ্গ–ওড়িশা উপকূল সংলগ্ন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
গত সোমবার রাতে ৫ ঘণ্টার টানা বৃষ্টিতে গোটা কলকাতা শহর কার্যত জলের তলায় চলে যায়। বহু বাড়ির একতলা জলে ডুবে যায়। জলমগ্ন হয়ে যায় বিভিন্ন এলাকা। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। মঙ্গলবার সকাল থেকেই জনজীবন কার্যত থমকে যায়। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিরও জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।