
শেষ আপডেট: 19 August 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো: 'ভারত জোড়ো যাত্রা'র পর থেকেই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) যেন প্রায়ই নতুন অবতারে দেখা যাচ্ছে। কখনও হরিয়ানায় গিয়ে চাষিদের সঙ্গে ক্ষেতে নেমে পড়ছেন। কখনও বা চলে যাচ্ছেন সবজি মণ্ডিতে। এর আগে আবার দেখা গিয়েছিল, আমেরিকায় গিয়ে ট্রাকে চড়ছেন রাহুল।
আরও পড়ুন: রাহুল গান্ধীকে দেখে কারও কারও বেশ ভাল লাগছে, কেন ভাল লাগছে, কারণগুলো ঠিক কী কী

তিন দিনের জন্য লেহ-লাদাখ সফরে গিয়েছেন রাহুল। শনিবার সকালে দেখা গেল স্পোর্টস বাইকে চড়তে যাচ্ছেন রাজীব (Rajiv Gandhi) পুত্র। তাঁর পরণে স্পোর্টস বাইক চালানোর মতই পোশাক। একটা সিক্স পকেট প্যান্ট আর টি শার্ট। কাল রবিবার ২০ অগস্ট রাজীব গান্ধীর জন্মদিন। জানা গিয়েছে, শনিবার রাতে প্যাংগং লেকের (Pangong Lake) পাশে তাঁবুতে থাকবেন রাহুল।

এই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে রাহুল লিখেছেন, "আমার বাবা বলতেন প্যাংগং লেক বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা। আমরা এখন সেদিকেই চলেছি।"
রাহুল যে লেহ সফরে যাবেন তা অনাস্থা বিতর্কের সময়েই জানিয়েছিলেন। লেহ জেলা কংগ্রেসের সভাপতি শেরিং নামগিয়াল এদিন জানান, শুক্রবার সেখানে একটি ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে স্থানীয় ছেলেমেয়েদের সঙ্গে দীর্ঘ কথোপকথন হয়েছে রাহুলের।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম বার লেহ-লাদাখ সফরে গিয়েছেন রাহুল। আগামী মাসে কার্গিল হিল কাউন্সিলের ভোট রয়েছে। সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সের। ফলে রাহুলের এই সফরের নেপথ্যে পুরোদস্তুর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করা হচ্ছে।
