সূত্রের খবর, বৈঠকে শুধু সরকারি নয়, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে। কীভাবে হাসপাতাল চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা যায়, সে নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 October 2025 07:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকা হল নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শনিবার দুপুর বারোটায় উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যসচিব মনোজ পন্থ (chief secretary in special meeting at Nabanna)।
সাম্প্রতিক এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে (Questions about hospital security in SSKM-Uluberia incident)। নাগরিক সমাজেও ক্ষোভের সুর। সেই প্রেক্ষিতেই এই জরুরি বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও সুপারদের। পাশাপাশি, উপস্থিত থাকতে হবে সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের। কলকাতা পুলিশের কমিশনারকেও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, বৈঠকে শুধু সরকারি নয়, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে। কীভাবে হাসপাতাল চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা যায়, সে নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি এসএসকেএম মেডিক্যাল কলেজে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত এনআরএসের এক অস্থায়ী কর্মী। ওই ঘটনার পরই স্বাস্থ্য ভবন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অন্যদিকে, উলুবেড়িয়া মেডিক্যালে এক মহিলা চিকিৎসকের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।