
শেষ আপডেট: 25 February 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: হাতি হামলার আতঙ্কে কাঁপছে পুরুলিয়ার গ্রাম। মধ্যরাতে আরশা থানার নুনিয়া গ্রামে হানা দিয়েছিল একটি হাতি। কয়েকটি বাড়িতে হামলা চালায় সেটি। সেখানে রাখা সবজি, ধান খেয়ে নেয়। খিদে না মেটায় এলাকার রেশন দোকানেও ভাঙচুর চালায়। সেখানে মজুত রাখা চাল, চিনি খেয়ে সাবার করে দেয়।
গ্রামবাসী আশিস মাহাত বলেন, "রাত থেকে আমরা ভীষণ আতঙ্কে রয়েছে। গভীর রাতে বাড়িতে কড়া নড়ার শব্দ শুনে ঘুমে ভেঙে যায়। ভেবেছিলাম চোর এসেছে। ছাদে উঠে নীচে দেখতে বুঝি হাতি গ্রামে হানা দিয়েছে।"
রেশন ডিলার হরিপদ মাহাত বলেন, "রাত ১২ দিকে হাতি গ্রামে হানা দিয়েছিল। আমি তখন ভিতরের ঘরে ঘুমোচ্ছিলাম। হাতি এসে চাল, আটা, চিনি খেয়ে গেছে। প্রচুর ক্ষতি হয়েছে।"
গ্রামের বাসিন্দা পঞ্চানন মাহাত, "আমরা খুবই ভয়ে ভয়ে রয়েছি। যখন তখন হাতি গ্রামে হানা দিচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে। তাই সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি করছি। সঙ্গে হাতিকে জঙ্গল পাঠানোর ব্যবস্থা করুক প্রশাসন।"