২২ এপ্রিল পহেলগামের বৈসরনে জঙ্গি হামলার পরই পাঞ্জাবের ফিরোজপুরে পূর্ণম ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন। দুপুরে বিশ্রাম নিতে গিয়ে অজান্তে একাজ করে ফেলেন তিনি।

শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
শেষ আপডেট: 14 May 2025 22:27
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সম্পন্ন হয়েছে পূর্ণম কুমার সাউয়ের হস্তান্তর প্রক্রিয়া। আটারি-ওয়াঘা দিয়ে পাকিস্তান থেকে দেশে ফেরেন তিনি। অনেক কাঠ খড় পুড়িয়ে তাঁকে ফেরানো সম্ভব হয়। পূর্ণম এ বাংলার হুগলির ছেলে। তাঁকে নিয়ে চিন্তিত ছিল গোটা রাজ্য। প্রথম থেকে তাঁর পরিবারের পাশে ছিল প্রশাসন। পাশে ছিলেন বিরোধীরাও। পূর্ণম ফিরছেন, এ আনন্দ ভাগ করে নিতে বুধবার সন্ধ্যায় তাঁর বাড়ি পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের সকলে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।
২২ এপ্রিল পহেলগামের বৈসরনে জঙ্গি হামলার পরই পাঞ্জাবের ফিরোজপুরে পূর্ণম ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন। দুপুরে বিশ্রাম নিতে গিয়ে অজান্তে একাজ করে ফেলেন তিনি। সাধারণত এসব ক্ষেত্রে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে জওয়ানদের বা নির্দিষ্ট ব্যক্তিকে ফিরিয়ে আনা হয় কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি গরম থাকায় তা সম্ভব হয়নি। বার বার বৈঠকের পরও ফেরানো হয়নি পূর্ণমকে। ১০মে দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হলে পরিস্থিতি শিথিল হয়।
পূর্ণমের ফেরা নিয়ে আশার আলো দেখে পরিবার। ইতিমধ্যে অবশ্য পূর্ণমের স্ত্রী বিএসএফের দফতরে গিয়ে কথা বলে আসেন। বুধবার প্রোটোকল মেনে পূর্ণমকে ফিরিয়ে দেয় পাকিস্তান।
এই খবর শোনার পর থেকেই উচ্ছ্বসিত জওয়ানের পরিবার। আনন্দ-উচ্ছ্বাস ভাগ করে নিতে তাঁর বাড়ি পৌঁছন এদিন শুভেন্দু অধিকারী। পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটন। সকলের সঙ্গে কথা বলেন। দেশাত্মবোধক গানে গলা মেলাল। পূর্ণমের বাড়ি থেকেই শুভেন্দু জানান, জওয়ান ফিরলে তাঁকে পদ্ম ফুলের মালা পরিয়ে বরণ করা হবে। পাশাপাশি জাতীয় পতাকা নিয়ে ওই এলাকায় মিছিল করার কথাও বলেন। পরিবারের সম্মতিতে মালা পরানোর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলনেতা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমাদের কাছে বিশেষ দিন। আমাদের বাড়ির ছেলে, যুবক সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। আমি পরিবারের অনুমতি নিয়েছি, ফিরে আসার পর পদ্মফুলের মালা পরিয়ে দিয়ে যাব। যা বলার ওঁর স্ত্রী বলেছেন। দেশের সবাই সুরক্ষিত আছেন, এটাই অনেক।'