শুক্রবার সেই সিইও দফতরের সামনে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও-র দুর্নীতি প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেই সঙ্গে বিরোধী দলনেতা একপ্রকার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ্যে আনার হুমকিও দিলেন।

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 October 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দাবি করেছিলেন রাজ্যের যিনি বর্তমান সিইও (Chief Electoral Officer), সেই মনোজ আগরওয়াল (Manoj Agarwal) বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। তাঁর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। শুক্রবার সেই সিইও দফতরের সামনে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও-র দুর্নীতি প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেই সঙ্গে বিরোধী দলনেতা একপ্রকার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ্যে আনার হুমকিও দিলেন।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, "মনোজ আগরওয়ালের (CEO) বিরুদ্ধে কী তথ্য (দুর্নীতি) আছে তা সোমবারের মধ্যে প্রকাশ করুন। বাংলার মানুষ জানতে চায়।" মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যদি সোমবারের মধ্যে সেই তথ্য প্রকাশ না করেন, তাহলে মুখ্যমন্ত্রীর দফতর-সহ রাজ্যের বিভিন্ন আমলাদের দুর্নীতি সিরিজ প্রকাশ করা হবে।" প্রাক্তন ও বর্তমান বেশ কিছু আমলার নাম করেই শুভেন্দু অধিকারী বলেন, হরিকৃষ্ণ দ্বিবেদী (প্রাক্তণ মুখ্যসচিব), বি পি গোপালিকা (প্রাক্তন মুখ্যসচিব), রাজেশ সিনহা (প্রাক্তন মুখ্যসচিব), মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক গৌতম সান্যাল, আইএএস মনীশ জৈন, দুষ্মন্ত নাড়িয়ালা এদের বিরুদ্ধেও যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে, তা সব প্রকাশ করা হবে। প্রাক্তণ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-র বিরুদ্ধে দুর্নীতির মারাত্মক অভিযোগ এনে শুভেন্দু বলেন, "দ্বিবেদী ১৬ লক্ষ টাকা (HRA) চুরি করে হাতেনাতে ধরা পড়েছিলেন। দ্বিবেদী-সহ আরও যারা যাঁরা মেট্রো ডেয়ারির দুর্নীতিতে যুক্ত, তাঁদের নাম প্রকাশ করা হবে।"
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর করা আরও একটি অভিযোগ নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিইও রাজ্যের আধিকারিকদের হুমকি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, সিইও কাদের কাদের হুমকি দিয়েছেন, কারা কারা এই অভিযোগ করেছেন, সেই নামগুলোও প্রকাশ করতে হবে। মনোজ আগরওয়াল কোন কোন আধিকারিককে চমকেছেন, ধমকেছেন তাঁদের নাম, তাঁরা কোন পদে কর্মরত, সব কিছুই প্রকাশ করতে হবে। যদি সোমবারের মধ্যে এই তালিকা প্রকাশ না করা হয় তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী যেভাবে সিইও-কে হুমকি দিয়েছেন, তাঁর (মুখ্যমন্ত্রীর) বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় সিইও দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।