মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা বাংলাজুড়ে দুর্যোগ চলছে, চারিদিকে এখনও জল জমে রয়েছে, এদিকে পুজোর মরসুম, এর মধ্যেই এসআইআরের অছিলায় নাম কাটার চক্রান্ত চলছে।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 9 October 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২ নভেম্বর থেকেই রাজ্যে (West Benga) শুরু হতে পারে SIR (Special Intensive Revision), বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এরপরই কমিশন এবং কেন্দ্রকে একই বন্ধনীতে রেখে আক্রমণের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, "১৫ দিনের মধ্যে ফাইনাল লিস্ট করতে হবে। তাই হয় নাকি! বাংলাটা একটু আলাদা, এটা একটু বুঝতে হবে!"
এরপরই হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না, এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে অ্যাকশন হবে। যদি মনে করেন, এজেন্সিকে দিযে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু রি অ্যাকশন।"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা বাংলাজুড়ে দুর্যোগ চলছে , চারিদিকে এখনও জল জমে রয়েছে, এদিকে পুজোর মরসুম, এর মধ্যেই এসআইআরের অছিলায় নাম কাটার চক্রান্ত চলছে। ফিল্ড সার্ভে না করে অফিসারদের ডেকে থ্রেট করছে, বলছে ১৫ দিনের মধ্যে করতে হবে। বিহারের মতো এখানে নাম বাদ দিতে দেব না। প্রশ্ন তুলেছেন, ভোটই ঘোষণা হয়নি, কমিশনের ভূমিকা তাহলে কীভাবে?
মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন, বাংলার মা,বোনেদের কিন্তু অনেক শক্তি, প্রত্যেকটা কমিউনিটি নিজেদের জন্য লড়াই করে। পরাধীন আমলেও ব্রিটিশ বাংলার মাথা নত করতে পারেনি বলেই ব্রিটিশরা বাধ্য হয়ে বাংলা থেকে রাজধানী দিল্লিতে সরিয়েছিল। তাই বিজেপিকেও আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না। চক্রান্ত আমরা বরদাস্ত করব না।
অভিযোগ করেছেন, কেন্দ্রের এই সরকারের এক মাত্র কাজ হল রাজনীতি করা, নির্বাচনে জোর করে জেতা, ভোট লুট করা। জনগণের উন্নয়নে এরা কোনও কাজ করে না।
হুঁশিয়ারির সুরে এও বলেছেন, "আহত বাঘ সুস্থ বাঘের চেয়েও ভয়ঙ্কর, আমাদের আহত করার চেষ্টা করবেন না, আমাদের আহত করলে আমরাও চুপ করে বসে থাকব না"।