আগামী ২ নভেম্বর থেকেই রাজ্যে (West Benga) শুরু হতে পারে SIR (Special Intensive Revision)। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন (Election Commission)।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 9 October 2025 21:56
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২ নভেম্বর থেকেই রাজ্যে (West Benga) শুরু হতে পারে SIR (Special Intensive Revision)। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন (Election Commission)। তারপরই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন। তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে।
এরপরই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনী আধিকারিত (সিইও) মনোজ আগরওয়ালের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, "বাঁশের চেয়ে কঞ্চি দড়! রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলব, তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত।"
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "এখনও তো ভোট ঘোষণা হয়নি, তাহলে কীসের ভিত্তিতে এভাবে জেলায় জেলায় বৈঠক করছে কমিশন?" খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। দাবি করেছেন, "এসআইআরের নাম করে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে!"
অভিযোগ করেছেন, এসআইআরের নামে ভোট কাটার চক্রান্ত চলছে। অসম সরকার কীভাবে বাংলার নাগরিকদের নোটিস পাঠাতে পারেন, সেই প্রশ্নও তোলেন তিনি। গোটা ঘটনায় সামগ্রিকভাবে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এসআইআর শুরুর আগে বিজেপির একজন মন্ত্রী কী করে বলে, দেড় কোটি নাম বাদ দেওয়া হবে। কমিশনের কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। সরকার, বিরোধী মিলেই গণতন্ত্র। সংবিধানে সাধারণ মানুষের অধিকার রয়েছে, সেটা খর্ব করা বরদাস্ত করব না। এসআইআরের নামে তাড়াহুড়ো করে কারও নাম কাটা হলে, সে রাজবংশী হোক, মতুয়া হোক, একজন ভোটারের নাম বাদ গেলে পাল্টা অ্যাকশন হবে।"
বুধবারের পর বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মীরজাফর বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, "আমি নিজে শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটা মিটিংয়ে ইন্সট্রাকশন দিয়ে গেছেন অনেক নাম বাদ দেব। নাম বাদ দেওয়ার ওরা কে?"